Home খেলাধুলা বিশ্বকাপে গোল মিস করায় মৃত্যুর হুমকি পেয়েছেন কলম্বিয়ার ফরোয়ার্ড

বিশ্বকাপে গোল মিস করায় মৃত্যুর হুমকি পেয়েছেন কলম্বিয়ার ফরোয়ার্ড

1

স্পোর্টস ডেস্ক।।

একটা মিস জীবনকে কতটা দুর্বিষহ করে তুলতে পারে তা যেন হাড়ে হাড়ে টের পাচ্ছেন হামিন্তন কাম্পাজ। বিশ্বকাপে গোল মিস করায় যে মৃত্যুর হুমকি পেয়েছেন তিনি।

প্রাণনাশের হুমকি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে কাম্পাজ লিখেছেন, ‘ফুটবলে কঠিন মুহূর্ত আসে। প্রিয় কলম্বিয়া, দয়া করে কখনো শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলবেন না। আমাদের মতামত ভিন্ন হতে পারে কিংবা হতাশা ও দুঃখ অনুভব করতে পারি, কিন্তু কোনো আবেগই ঘৃণা ছড়ানো বা ভয়ে বেঁচে থাকাকে যৌক্তিকতা দেয় না।’

কাম্পাজের বিষয়টি প্রকাশ্যে আসার পরেই তার পাশে দাঁড়িয়েছে কলম্বিয়ান ফুটবল ফেডারেশন।

হুমকিদাতাকে চিহ্নিত করে দ্রুত আহ্বানের তদন্ত জানিয়ে তারা লিখেছে, ‘দেশের হয়ে খেলার কারণে কোনো খেলোয়াড় বা তার পরিবার-পরিজনকে ভয়ভীতি দেখানো বা হুমকি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

বিবৃতিতে আরো লিখেছে, ‘ফুটবল হওয়া উচিত ঐক্য, সম্মান ও আশার জায়গা—কখনোই ঘৃণা, ভয়ভীতি বা সহিংসতার পরিবেশ নয়। তারা সমর্থকদের অনুরোধ করেছেন যেন খেলার মাঠের হতাশা কখনো বাস্তব জীবনের সহিংসতায় রূপ না নেয়।’

অবশ্য ভ্যাঙ্কুভারে নায়ক হওয়ার দারুণ সুযোগ পেয়েছিলেন কাম্পাজ।

কিন্তু ১১৫ মিনিটে গোল মিস করে এখন ‘খলনায়ক’ কলম্বিয়ার ফরোয়ার্ড। অতিরিক্ত সময়ে গোলরক্ষককে একা পেয়েও বারের ওপর দিয়ে বল মারেন তিনি। পরে সুইজারল্যান্ডের কাছে শেষ ষোলোর ম্যাচে পেনাল্টিতে ৪-৩ গোলে হেরে যায় তারা। টাইব্রেকারে নিজের শটে গোল করেও তাই কোনো লাভ হয়নি। বাড়ির টিকিট ঠিকই কাটতে হয়েছে তাদের।

কাম্পাজের এই ঘটনা অতীতকে মনে করাচ্ছে। ১৯৯৪ বিশ্বকাপে ডিফেন্ডার আন্দ্রেস এসকোবার আত্মঘাতী গোল করায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-১ গোলে হেরেছিল কলম্বিয়া। বিশ্বকাপ থেকে বাদ পড়ার ক্ষোভে পরে দেশে ফেরার কিছুদিন পরেই তাকে গুলি করে হত্যা করা হয়।