স্পোর্টস ডেস্ক।।
লস অ্যাঞ্জেলেসে যতক্ষণ ছিলেন, ততক্ষণ বেলজিয়ামকে লড়াইয়ে রেখেছিলেন থিবো কোর্তোয়া। কিন্তু ৭১ মিনিটে পায়ের চোট নিয়ে বেলজিয়াম গোলরক্ষক মাঠ ছাড়তেই হিসfব যায় বদলে।
কোর্তোয়ার বদলি হিসেবে সেনে লামেন্স তিন কাঠির দায়িত্ব নিতে এসে বড় ভুল করে বসেন। সেই সুযোগটি ৮৮ মিনিটে কাজে লাগান স্পেনের বদলি নামা মিকেল মেরিনো। লামেন্সের হাত থেকে বল ছুটলে সহজেই বলকে জালে জড়ান ওই মিডফিল্ডার। তাতে ২-১ ব্যবধানে হেরে কোয়ার্টার ফাইনালে বিশ্বকাপ যাত্রা শেষ হয় বেলজিয়ামের।
অথচ এর আগে ১ গোল হজম করলেও দুর্দান্ত সব সেভ দিয়ে বেলজিয়ামকে ম্যাচে রেখেছিলেন কোর্তোয়া। ৪টি নিশ্চিত গোল সেভ করেন রিয়াল মাদ্রিদের গোলরক্ষক। টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে একটা ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। কোর্তোয়ার মতে, ফ্রান্স-স্পেনের মধ্যেকার সেমিফাইনালে যে দল জিতবে তারাই এবারের বিশ্বকাপ জিতবে।
৩৪ বছর বয়সী গোলরক্ষক বলেছেন, ‘তারা (স্পেন) বিশ্বকাপ জিততে পারে। এই দলে সেই দম আছে। আমার মনে হয়, স্পেন-ফ্রান্স সেমিফাইনালে যারা জিতবে, তারাই বিশ্বচ্যাম্পিয়ন হবে।’
স্পেন-ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচটি আগামী ১৪ জুলাই হবে। ম্যাচটি হবে ডালাসে রাত ১টায়।
অন্যদিকে আজ (১১ জুলাই) আরেক সেমিফাইনালের লক্ষ্যে মাঠে নামবে নরওয়ে-ইংল্যান্ড। আর আগামীকাল (১২ জুলাই) সকালে অন্য কোয়ার্টার ফাইনালে লড়বে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড।









































