মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের মণিরামপুরে পূর্ব শত্রুতার জেরে কৃষকের শিমগাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ করা হচ্ছে, ঘেরপাড় দিয়ে হাঁটতে নিষেধ করায় দুই যুবক উপজেলার বাগডোব গ্রামের কৃষক ইউসুফ আলীর ঘেরপাড়ের আটকাঠা জমির ফলন্ত শিমগাছ কেটে দিয়েছে।
অভিযুক্ত দুই যুবকের নাম রায়হান হোসেন ও মোস্তাকিম। তারা বাসুদেবপুর গ্রামের মোস্তফা হোসেন ও ফারুক হোসেনের ছেলে।
কৃষক ইউসুফ আলী জানান, স্থানীয় মাঠে তার চার বিঘার একটি মাছের ঘের রয়েছে। ঘেরের চারপাড়ে তিনি শিমগাছ লাগিয়েছেন। ইতিমধ্যে গাছে শিম ধরেছে।
গত বুধবার (১১ নভেম্বর) রায়হান ও মোস্তাকিম ঘেরপাড় দিয়ে মাঠে যেতে চায়। আমি তাদের নিষেধ করি। ওইদিন দিবাগত রাতে তারা এসে ঘেরপাড়ের সব শিমগাছ কেটে দিয়েছে। লোকমুখে শুনে গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে যেয়ে দেখি ঘেরপাড়ের সব শিমগাছ শুকিয়ে গেছে।
অভিযোগের ব্যাপারে রায়হান ও মোস্তাকিম বলেন, বুধবারে আমরা মাঠে ধান কাটতে যাচ্ছিলাম। ওইসময় ইউসুফ ঘেরপাড় দিয়ে যেতে নিষেধ করে ঠিকই। কিন্তু আমরা তার শিম গাছ কাটিনি। তিনি সন্দেহ করে আমাদের বিরুদ্ধে অভিযোগ করছেন।
জানতে চাইলে খেদাপাড়া ক্যাম্পের আইসি এসআই গোলাম রসুল বলেন, বিষয়টি শুনেছি। এই ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করেননি।










































