Home আন্তর্জাতিক এবার ইরানে চতুর্মুখী হামলার হুমকি ট্রাম্পের

এবার ইরানে চতুর্মুখী হামলার হুমকি ট্রাম্পের

1

আন্তর্জাতিক ডেস্ক।।

প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র আবারও ইরানের বিরুদ্ধে অবরোধ আরোপ করতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের রাজধানী আংকারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন বলে জানায় আল-জাজিরা।

ট্রাম্প বলেন, ‘আমরা আবার অবরোধ আরোপ করতে পারি। সেটি শুধু ইরানের ক্ষেত্রেই হবে। অন্য সবাই স্বাভাবিকভাবে যা চাইবে, তা করতে পারবে।’

এদিকে সুযোগ পেলে হরমুজ প্রণালিতে মাইন পেতে দিতে পারে ইরান।

তবে যুক্তরাষ্ট্র এসব প্রতিরোধে পদক্ষেপ নিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। ট্রাম্প বলেন, ‘হরমুজ প্রণালিতে মাইন অপসারণে যুক্তরাষ্ট্রের ন্যাটো মিত্ররা মাইনসুইপার জাহাজ পাঠাবে।’

ট্রাম্প দাবি করেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলার ‘অত্যন্ত বড় প্রভাব’ পড়েছে। তার ভাষ্য, হামলায় ইরান যে রাডার ব্যবস্থা পুনর্নির্মাণ করছিল, তা ধ্বংস হয়ে গেছে।

তবে এ দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, ‘প্রয়োজন হলে ইরানের বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র ও বিদ্যুৎ অবকাঠামোতেও হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র।’

পাশাপাশি প্রয়োজনে দেশটির লবণাক্ত পানি বিশুদ্ধকরণ (ডিস্যালিনেশন) কেন্দ্রগুলোও লক্ষ্যবস্তু করা হতে পারে বলে মন্তব্য করেন। এদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইরানের খারগ দ্বীপ যুক্তরাষ্ট্র চাইলে নিয়ন্ত্রণে নিতে পারে এবং এ ক্ষেত্রে ইরানের কিছুই করার থাকবে না বলে মন্তব্য করেন তিনি। এর আগে ইরানের দক্ষিণাঞ্চলে অন্তত ৮০টি সামরিক লক্ষ্যবস্তুতে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটির ৮৫টি লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে।