স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানায় দায়েরকৃত একটি রাষ্ট্রদ্রোহ মামলায় এ্যাডভোকেট এমএম মজিবর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (৮ জুলাই) খুলনা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আসাদুর জামান শুনানি শেষে এই আদেশ প্রদান করেন। দুপুরে আদালতের নির্দেশে তাকে কড়া নিরাপত্তায় খুলনা জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
আদালত ও থানা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৩ মে উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে ৮ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন লাভ করেছিলেন এ্যাডভোকেট মজিবর রহমান। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় বুধবার তিনি খুলনা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের প্রার্থনা করেন। তবে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আদালতে কর্মরত সোনাডাঙ্গা থানার জিআরও গোপাল সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামি এমএম মজিবর রহমান সোনাডাঙ্গা থানার একটি রাষ্ট্রদ্রোহ মামলার এজাহারভুক্ত আসামি। উচ্চ আদালত থেকে পাওয়া ৮ সপ্তাহের জামিনের মেয়াদ শেষে বুধবার তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিন চেয়েছিলেন। কিন্তু বিজ্ঞ বিচারক তা নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।










































