Home আঞ্চলিক খুলনা ওয়াসার নিয়োগ বিজ্ঞপ্তিতে বিভাগীয় প্রার্থীদের সুযোগ না দেওয়ায় হাইকোর্টে রিট

খুলনা ওয়াসার নিয়োগ বিজ্ঞপ্তিতে বিভাগীয় প্রার্থীদের সুযোগ না দেওয়ায় হাইকোর্টে রিট

66


স্টাফ রিপোর্টার।।
খুলনা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (খুলনা ওয়াসা) একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে বিভাগীয় (অভ্যন্তরীণ) প্রার্থীদের আবেদনের সুযোগ না রাখা এবং বয়স ও শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিল না করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে।


বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়েরকৃত এই রিট পিটিশন নম্বর-২২৭৩/২০২৬। মো. রবিউল ইসলাম, মো. আফজাল হোসেন, মো. আমিনুল ইসলাম ও মো. মিজানুর রহমানসহ খুলনা ওয়াসার মোট ২৪ জন কর্মকর্তা-কর্মচারী যৌথভাবে এই আবেদনটি দায়ের করেছেন।


রিট আবেদনে উল্লেখ করা হয়, গত ১০ নভেম্বর ২০২৫ তারিখে খুলনা ওয়াসা কর্তৃক একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়, যা পরবর্তীতে ১৩ নভেম্বর ২০২৫ তারিখে পত্রিকায় প্রকাশিত হয়। ওই বিজ্ঞপ্তিতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল), অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর, রেভিনিউ সুপারভাইজার, ডাটা এন্ট্রি অপারেটর, ল্যাব টেকনিশিয়ান, ক্যাশিয়ার, স্টোর কিপার, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, পাম্প অপারেটর এবং মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল টেকনিশিয়ানসহ বিভিন্ন পদে জনবল নিয়োগের কথা বলা হয়।


আবেদনকারীদের অভিযোগ, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে খুলনা ওয়াসার বোর্ড সভার সিদ্ধান্ত লঙ্ঘন করে বিভাগীয় বা অভ্যন্তরীণ যোগ্য প্রার্থীদের আবেদনের সুনির্দিষ্ট সুযোগ সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে। এছাড়া কর্মরত অভিজ্ঞ প্রার্থীদের জন্য বয়স কিংবা শিক্ষাগত যোগ্যতা শিথিলের কোনো বিধান রাখা হয়নি, যা প্রচলিত নিয়মের পরিপন্থী।


এর আগে গত ১ জানুয়ারি ২০২৬ তারিখে সংক্ষুব্ধ কর্মীরা এই বিষয়ে সুরাহা চেয়ে ওয়াসা কর্তৃপক্ষের কাছে আবেদন জানালেও তা নিষ্পত্তি করা হয়নি। যার পরিপ্রেক্ষিতে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী এই রিট আবেদনটি দায়ের করা হলো।


মামলায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি), উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও প্রশাসন), উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রকৌশল), খুলনা ওয়াসার সচিব এবং খুলনা সিটি কর্পোরেশনের মেয়রকে (বর্তমানে প্রশাসক) বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে।