Home বিনোদন আড়াল ভেঙে ফিরছেন বুবলী

আড়াল ভেঙে ফিরছেন বুবলী

4


বিনোদন ডেস্ক।।

কন্যাসন্তানের জন্মের পর নিজেকে অনেকটাই আড়াল করে রেখেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। গেল ঈদে তার অভিনীত সিনেমা মুক্তি পেলেও প্রচারণা কিংবা কোনো আয়োজনে দেখা যায়নি এই অভিনেত্রীকে। পুরো সময়টাই ছিলেন আড়ালে, নবজাতক সন্তান ও নিজের যত্নে। তবে এবার সেই বিরতি ভাঙতে যাচ্ছেন। দাঁড়াতে যাচ্ছেন আবার ক্যামেরার সামনে।

জানা গেছে, আগামী সেপ্টেম্বরে জাহিদ হোসেন পরিচালিত ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিংয়ের মধ্যদিয়ে অভিনয়ে ফিরবেন বুবলী। সিনেমাতে তার বিপরীতে অভিনয় করবেন আদর আজাদ।

নির্মাতা জানিয়েছেন, বুবলির সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত হলেই তিনি শুটিংয়ে যোগ দেবেন। এ সময়ের মধ্যে তার অংশ বাদ দিয়ে অন্যান্য দৃশ্যের কাজ এগিয়ে নেওয়া হবে।

পুরান ঢাকার জীবন, ভাষা ও সংস্কৃতিকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় আদর আজাদকে দেখা যাবে এক শিয়া যুবকের চরিত্রে আর বুবলি অভিনয় করবেন এক সুন্নি তরুণীর ভূমিকায়। চরিত্রের বাস্তবতা ফুটিয়ে তুলতে দুজনকেই উর্দু ভাষায় সংলাপ বলতে হবে।

নির্মাতার দাবি, ‘ঢাকাইয়া দেবদাস’ শুধু বাণিজ্যিক দর্শকের জন্য নয়, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কথাও মাথায় রেখে নির্মাণ করা হচ্ছে।