Home আঞ্চলিক মধ্যরাতে রাস্তা থেকে ঘরের ভেতর ঢুকে পড়ল ট্রাক, ঘুমিয়ে থাকা শামিমা নিহত

মধ্যরাতে রাস্তা থেকে ঘরের ভেতর ঢুকে পড়ল ট্রাক, ঘুমিয়ে থাকা শামিমা নিহত

9

নড়াইল প্রতিনিধি।।


নড়াইলের লোহাগড়ায় মধ্যরাতে নিয়ন্ত্রণ হারিয়ে পাথরবোঝাই একটি ট্রাক বসতঘরের ওপর উল্টে পড়ে ঘুমিয়ে থাকা শামিমা আক্তার সেতু (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) রাতে উপজেলার নলদী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত শামিমা আক্তার সেতু লোহাগড়া উপজেলার নলদী এলাকার কাঁচামাল ব্যবসায়ী মো. হাফিজার মোল্যার মেয়ে। সেতু নলদী বি এস এস মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করত।

এ ঘটনায় নিহত সেতুর ছোটবোন মিতু খানমও (১৩) আহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে নড়াইল শহর থেকে লোহাগড়া উপজেলার মিঠাপুর হয়ে একই উপজেলার ব্রাক্ষ্মণডাঙ্গায় নির্মাণাধীন একটি সেতুর জন্য পাথর নিয়ে যাচ্ছিল একটি ট্রাক৷ রাত বারোটার দিকে নলদী এলাকায় গিয়ে ট্রাকটি পথ ভুল করে একটি সরু রাস্তায় ঢুকে পড়ে। কিছুদূর যেতেই ট্রাকটি উল্টে পড়ে রাস্তার পাশের হাফিজার মোল্যার বসতঘরের ওপর।

এসময় ট্রাকে থাকা পাথর পড়ে ঘরটি ঢেকে যায়। তার নিচেই চাপা পড়ে ঘুমিয়ে থাকা সেতু ও মিতু। শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে পাথর সরিয়ে সেতুকে মৃত অবস্থায় এবং মিতুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। পরে মিতুকে চিকিৎসার জন্য নড়াইল জেলা হাসপাতালে নেয়া হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।