স্পোর্টস ডেস্ক।।
ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে কবে অভিষেক হবে বিস্ময়বালক বৈভব সূর্যবংশীর। সেই প্রশ্নেই ঘুরছে ক্রিকেটাঙ্গনে। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলে থাকলেও একাদশে সুযোগ হয়নি এই হার্ড হিটার ব্যাটারের। এমনকি চলমান ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেও মাঠে দেখা যায়নি বৈভবকে। বিষয়টি পরিষ্কার করেছেন ভারতীয় দলের বোলিং কোচ মরনে মরকেল।
সংবাদমাধ্যম ইন্ডিয়া হুডের প্রতিবেদন অনুযায়ী, গতকাল এক সংবাদ সম্মেলনে বৈভব সূর্যবংশী প্রসঙ্গে কথা বলতে গিয়ে মরনে মরকেল জানিয়েছেন, বৈভবকে এখন দলে না নেওয়ার পেছনে খুব বেশি কারণ নেই।
ভারতের এই মুহূর্ত এক নম্বর ব্যাটসম্যান অভিষেক শর্মা রয়েছেন। সেই সঙ্গে ফর্মে থাকা ওপেনার সঞ্জু স্যামসনও আছেন দলে। এই দুই প্লেয়ারের মধ্যে থেকে কাউকেই সরাতে চাইছে না ম্যানেজমেন্ট। আসলে এই দুই ব্যাটসম্যানের কারণেই বৈভবের আন্তর্জাতিক অভিষেক এখন হচ্ছে না বলে যোগ করেন তিনি।
উল্লেখ্য, ভারতীয় কোচ মরকেলের বক্তব্যের পর বৈভবের অভিষেক যে পিছিয়ে যাচ্ছে তাই বুঝা যাচ্ছিল। তবে এরই মাঝে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি দিয়ে একটি পোস্ট করেছেন বৈভব। সেখানে লিখেছেন ‘নিউ চ্যাপ্টার’। খুদে ক্রিকেটারের এমন পোস্ট দেখে অনেকেই মনে করছেন ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেই অভিষেক হয়ে যেতে পারে তাঁর। সেটাই ইঙ্গিতে বুঝিয়েছেন সূর্যবংশী।










































