ঢাকা অফিস
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিনে ভুল প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়েছে নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে। গতকাল বৃহস্পতিবার নিয়মিত চার শতাধিক পরীক্ষার্থীকে ভুলবশত ২০২৫ সালের অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত ‘খ’ সেটের প্রশ্নপত্র সরবরাহ করা হয়। একই ধরনের ঘটনা ঘটেছে রাজধানীর বিজ্ঞান কলেজ কেন্দ্রেও।
ভুল প্রশ্নপত্র বিতরণের ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে ৪ শিক্ষককে অব্যাহতি দিয়েছেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এছাড়া ওই কেন্দ্রের সচিব মো. নাজিম উদ্দীনের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
এদিকে ভুল প্রশ্নে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের উত্তরপত্রগুলো বিশেষভাবে মূল্যায়ন করার কথা জানিয়েছেন ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু।
এই ঘটনাকে কেন্দ্র করে চলমান এইচএসসি পরীক্ষার শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের কড়া বার্তা দিয়েছে শিক্ষা বোর্ড। আজ শুক্রবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে দেশের সব কেন্দ্র সচিবদের।
এতে বলা হয়েছে, নিয়মিত (২০২৬ সালের সিলেবাস) এবং অনিয়মিত (২০২৫ সালের সিলেবাস) পরীক্ষার্থীদের কোনোভাবেই একই কক্ষে বসানো যাবে না। তাদের জন্য অবশ্যই পৃথক কক্ষে আসনের ব্যবস্থা করতে হবে। সিলেবাস অনুযায়ী সঠিক প্রশ্নপত্র বিতরণে অবলম্বন করতে হবে সর্বোচ্চ সতর্কতা।
নির্দেশনায় আরও বলা হয়েছে, অনেক কেন্দ্রে একই কক্ষে দুই সিলেবাসের পরীক্ষার্থী রাখায় প্রশ্ন বিতরণে চরম জটিলতা ও নীতিমালার ব্যত্যয় ঘটছে। এর পুনরাবৃত্তি হলে এবং বোর্ডের নির্দেশনার কোনো প্রকার ব্যত্যয় ঘটলে কঠোর আইনানুগ ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে সংশ্লিষ্ট কেন্দ্র প্রধানদের বিরুদ্ধে।










































