স্টাফ রিপোর্টার।।
খুলনার রূপসায় ভ্যান চুরির ঘটনার জেরে প্রতিপক্ষের হামলায় হাসান শেখ ওরফে বিহারী হাসান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) রাত সোয়া ১২টার দিকে তার মৃত্যু হয়।
নিহত হাসান রূপসা উপজেলার জাবুসা গ্রামের মৃত সিরমান শেখের ছেলে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চার থেকে পাঁচ দিন আগে হাসানের বাড়িতে ভ্যানে করে কয়েকজন অতিথি আসেন। অতিথি ও ভ্যানচালক বাড়ির ভেতরে যাওয়ার কিছুক্ষণ পর ভ্যানটি চুরি হয়ে যায়। এ ঘটনায় একই এলাকার রাশেদ শেখকে সন্দেহ করেন হাসান। বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা ও বিরোধের সৃষ্টি হয়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় জাবুসা চৌরাস্তা মোড়ে অবস্থান করছিলেন হাসান। এ সময় রাশেদসহ চার থেকে পাঁচজন ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালান। হামলাকারীরা এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় হাসানকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, প্রাথমিক তদন্তে ভ্যান চুরির ঘটনাকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড হয়েছে বলে জানা গেছে। নিহতের ভাই বাদী হয়ে হত্যা মামলা করেছেন। মামলার পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।








































