Home আঞ্চলিক নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে প্রবেশ: এক মাসে ২৬ মামলা, ২৪ নৌকা জব্দ

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে প্রবেশ: এক মাসে ২৬ মামলা, ২৪ নৌকা জব্দ

0

খুলনাঞ্চল রিপোর্ট।।


সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে প্রবেশ করে মাছ ও কাঁকড়া ধরার অভিযোগে গত এক মাসে ২৬টি মামলা করেছে বন বিভাগ। একই সময়ে অভিযান চালিয়ে ২৪টি নৌকা জব্দ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে মাছ, কাঁকড়া ধরার বিভিন্ন সরঞ্জাম ও ২৫ বোতল ভারতীয় কীটনাশক।

বন বিভাগের তথ্য অনুযায়ী, গত ১ জুন থেকে সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণ এবং পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে। কিন্তু এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে একটি অসাধু চক্র রাতের অন্ধকারে সুন্দরবনে প্রবেশ করে অবৈধভাবে মাছ ও কাঁকড়া আহরণের পাশাপাশি হরিণ শিকারের মতো অপরাধে জড়িয়ে পড়ছে।

এসব অপরাধ দমনে সুন্দরবন খুলনা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা, বিভিন্ন স্টেশন কর্মকর্তা এবং টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নেতৃত্বে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অভিযানে জড়িত ব্যক্তিদের নৌকাসহ আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


জুন মাসের অভিযানের পরিসংখ্যান অনুযায়ী, খুলনা রেঞ্জের আওতাধীন এলাকায় ২৪টি নৌকা জব্দ করা হয়েছে এবং বিভিন্ন অপরাধে ২৬টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে পাঁচটি পিওআর এবং ২১টি ইউডিআর মামলা রয়েছে। এসব মামলায় ১০ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে সাতজন গ্রেপ্তার হয়েছেন এবং তিনজন পলাতক রয়েছেন।


এ ছাড়া বিষ প্রয়োগ সংক্রান্ত ছয়টি এবং হরিণ শিকার সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে ২৫ বোতল ভারতীয় কীটনাশকের পাশাপাশি মাছ, কাঁকড়া ও বিভিন্ন অবৈধ সরঞ্জাম জব্দ করা হয়েছে।

সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, ‘নিষিদ্ধ সময়ে সুন্দরবনের বিভিন্ন এলাকায় স্টেশন ও টহল ফাঁড়ির কর্মকর্তাদের সমন্বয়ে নিয়মিত টহল অব্যাহত রয়েছে। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের জীববৈচিত্র্য ও বনসম্পদ রক্ষায় তিনি সবার সহযোগিতা কামনা করেন।’