Home খেলাধুলা রোনালদো অথবা মদ্রিচ: এক কিংবদন্তির স্বপ্ন ভাঙার রাত

রোনালদো অথবা মদ্রিচ: এক কিংবদন্তির স্বপ্ন ভাঙার রাত

2

স্পোর্টস ডেস্ক।।

নকআউট ম্যাচ মানেই স্বপ্ন ভাঙার গল্প। কিন্তু কিছু ম্যাচে সেই ভাঙা স্বপ্নের নাম হয়ে যায় ইতিহাস। পর্তুগাল-ক্রোয়েশিয়ার লড়াইও তেমনই। কারণ শেষ বাঁশি বাজতেই বিশ্বকাপকে বিদায় বলতে হবে ক্রিশ্চিয়ানো রোনালদো কিংবা লুকা মদরিচ; দুই কিংবদন্তির একজনকে।

বিশ্ব ফুটবলের গত দুই দশককে সংজ্ঞায়িত করেছেন এই দুই মহাতারকা। একজন গোলের পর গোল করে ইতিহাস লিখেছেন, অন্যজন মাঝমাঠে খেলার ছন্দ নিয়ন্ত্রণ করে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। একসময় রিয়াল মাদ্রিদের জার্সিতে একই লক্ষ্য পূরণে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন তারা। এবার মুখোমুখি এমন এক ম্যাচে, যেখানে একজনের পথ থেমে যাবে। আর অন্যজন বাঁচিয়ে রাখবেন বিশ্বকাপ জয়ের স্বপ্ন।

তবে রোনালদো আর মদরিচের গল্প শুধু প্রতিদ্বন্দ্বিতার নয়। ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত ছয় বছর রিয়াল মাদ্রিদের সাদা জার্সিতে একই ড্রেসিংরুম ভাগ করেছেন তাঁরা। সেটিই ছিল ক্লাবটির আধুনিক ইতিহাসের অন্যতম সেরা সময়।

মদরিচ মাঝমাঠ থেকে খেলার ছন্দ তৈরি করতেন, আর সেই আক্রমণের শেষ ঠিকানায় থাকতেন রোনালদো। দুজনের বোঝাপড়া ছিল দুর্দান্ত। তাঁদের সঙ্গে ছিলেন টনি ক্রুস, কাসেমিরো, সার্জিও রামোস, মার্সেলো ও করিম বেনজেমা। সেই দল টানা তিনবারসহ চারবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইউরোপীয় ফুটবলে অনন্য আধিপত্য গড়ে তোলে। পাশাপাশি জেতে ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ, লা লিগাসহ একের পর এক শিরোপা।

ক্লাব ফুটবলে একই স্বপ্নের সঙ্গী হলেও জাতীয় দলের জার্সিতে তাদের লক্ষ্য ছিল ভিন্ন। রোনালদো পর্তুগালকে এনে দিয়েছেন ইউরো ২০১৬ ও নেশনস লিগের শিরোপা। অন্যদিকে মদরিচের নেতৃত্বে ক্রোয়েশিয়া খেলেছে ২০১৮ বিশ্বকাপের ফাইনাল এবং ২০২২ আসরে হয়েছে তৃতীয়। কিন্তু ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত বিশ্বকাপ ট্রফি এখনও অধরাই রয়ে গেছে দুজনের কাছে। তাই ভোরের ম্যাচটি একজনের জন্য শেষ হয়ে যাবে সেই অপূর্ণতা নিয়েই।

ক্যারিয়ারের গোধূলিবেলায় দাঁড়িয়ে আছেন দুজনই। ৪১-এর দোরগোড়ায় রোনালদো, আর ৪০ পেরিয়েছেন মদরিচ। কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে চাপালেই বয়স যেন আর হিসাবের মধ্যে থাকে না। রোনালদোর গোলের ক্ষুধা আজও অটুট। অন্যদিকে মদরিচের দৃষ্টিভঙ্গি, নিখুঁত পাস আর খেলার গতি নিয়ন্ত্রণের ক্ষমতা এখনও মুগ্ধ করে।

এই ম্যাচে ব্যক্তিগত দ্বৈরথের চেয়েও বড় হয়ে উঠবে সময়ের নির্মমতা। কারণ ফুটবল কাউকে ছাড় দেয় না। একসময় যারা বিশ্বমঞ্চ শাসন করেছেন, তাদেরও একদিন বিদায় বলতে হয়। ভোরের ম্যাচ শেষে সেই বাস্তবতার মুখোমুখি দাঁড়াবেন রোনালদো কিংবা মদরিচ।

শেষ বাঁশি বাজার পর একজন এগিয়ে যাবেন বিশ্বকাপের স্বপ্ন বাঁচিয়ে রেখে। অন্যজনের জন্য সেটিই হবে বিশ্বকাপ মঞ্চে শেষ পদচিহ্ন। ফুটবল অবশ্য নতুন নায়ক খুঁজে নেবে, যেমন সব সময়ই নিয়েছে!