স্পোর্টস ডেস্ক।।
বিশ্বকাপে দ্বিতীয় হ্যাটট্রিক পেয়েই গিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে, ২০ মিনিটে করা প্রথম গোলটি যদি অফসাইডের কারণে বাতিল না হতো। তবে জোড়া গোলও কম কিসের। রিয়াল মাদ্রিদের স্ট্রাইকারের জোড়া এবং ব্র্যাডলি বারকোলার এক গোলে সুইডেনকে উড়িয়ে দিয়েছে ফ্রান্স।
ফ্রান্স শেষ ষোলোর টিকিট এনে দেওয়ার পথে জোড়া গোলে রেকর্ডও গড়েছেন এমবাপ্পে। নিউ ইয়র্ক/নিউ জার্সিতে ৪৫ মিনিটে প্রথম গোলটি করে রেকর্ড ভেঙেছেন দুই ব্রাজিলিয়ান রোনালদো নাজারিও ও লিওনিদাসের। নক আউটে এতদিন দুজনের সঙ্গে ৯ গোল নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন ফ্রান্সের অধিনায়ক।
আজ প্রথম গোলে তাদের ছাড়িয়ে যান। ৭৪ মিনিটে দ্বিতীয় গোল করে সংখ্যাটা ১০-এ উত্তীর্ণ করেন এমবাপ্পে। সামনে আরো বাড়ানোর সুযোগ থাকছে।
অন্যদিকে সবমিলিয় বিশ্বকাপে এমবাপ্পের গোল সংখ্যা এখন ১৮। তাতে লিওনেল মেসির ঘাড়ে নিঃশ্বাস ফেলেছেন ২৭ বছর বয়সী স্ট্রাইকার। ১৯ গোলে বর্তমানে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক আর্জেন্টিনার অধিনায়ক।
সবমিলিয়ে না পারলেও এবারের বিশ্বকাপের গোল সংখ্যায় ঠিকই মেসিকে ছুঁয়েছেন এমবাপ্পে। বর্তমানে দুজনের গোল ৬। গোল্ডেন বুটের লড়াইয়ে তাদের পরেই আছেন ৫ গোলের মালিক আর্লিং হালান্ড। ৪টি করে গোল করেছেন উসমান দেম্বেলে ও ভিনিসিয়ুস জুনিয়র।











































