Home খেলাধুলা লাহোরে বাংলাদেশের কিশোরদের শিরোপা জয়

লাহোরে বাংলাদেশের কিশোরদের শিরোপা জয়

0

স্পোর্টস ডেস্ক।।

পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত প্রথম এইচিসন কলেজ ইন্টারন্যাশনাল ইন্টার-স্কুল ক্রিকেট টুর্নামেন্টে শিরোপা জিতেছে বাংলাদেশ কম্বাইন্ড স্কুল দল। ফাইনালে স্বাগতিক এইচিসন কলেজকে (বি) ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের তরুণরা।

ফাইনালে টস জিতে আগে ব্যাট করে এইচিসন কলেজ ৩৫ ওভারে ৯ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে। দলের হয়ে উসমান খান ৭৭ রানের লড়াকু ইনিংস খেললেও অন্য ব্যাটাররা বড় কোনো অবদান রাখতে পারেননি।

বাংলাদেশের বোলারদের মধ্যে আল আমিন হোসেন ২ উইকেট নেন। এছাড়া সপ্ন দাস, ফারহান সাদিক ও মো. সাব্বির আলম দুটি করে উইকেট শিকার করেন।

১৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই কিছুটা চাপে পড়লেও ধৈর্যের সঙ্গে ইনিংস গড়েন মো. নাঈম হাসান সবুজ। ওপেনিংয়ে নেমে তিনি ৫৬ বলে ৪৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।

এরপর রিয়াদ শেখের অপরাজিত ২৮ রান এবং সায়েদ মো. রাফিনের ১২ রানে ভর করে ২৬.৩ ওভারেই ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
ফাইনালে ম্যাচজয়ী ইনিংস খেলে ম্যাচ সেরা হন মো. নাঈম হাসান সবুজ।