স্পোর্টস ডেস্ক।।
চলতি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে দুটি ম্যাচ জেতার সুফল পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই সাফল্যে ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট নিশ্চিত করেছে নিগার সুলতানা জ্যোতির দল।
ফলে পরবর্তী আসরের আগে বাংলাদেশকে আর বাছাইপর্ব খেলতে হবে না। ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে ওঠার জন্য বাংলাদেশকে পেরোতে হয়েছিল বাছাইপর্বের বাধা।
সেখানে সবকটি ম্যাচ জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে মূল আসরে জায়গা করে নেয় দলটি। এরপর বিশ্বকাপের গ্রুপ পর্বে নেদারল্যান্ডস ও পাকিস্তানকে হারিয়েছে তারা। এই দুই জয়ে গ্রুপ ‘এ’-তে চতুর্থ স্থান নিশ্চিত হয় বাংলাদেশের।
বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষে শীর্ষ আট দলের তালিকায় জায়গা করে নেওয়া দলগুলো হলো- বাংলাদেশ, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।
এই আট দলের সঙ্গে স্বাগতিক হিসেবে পাকিস্তানের অংশগ্রহণও নিশ্চিত। আর শেষ একটি জায়গা নির্ধারণ করা হবে আগামী ৬ জুলাই প্রকাশিত আইসিসির টি-টোয়েন্টি র্যাংকিংয়ের ভিত্তিতে। বর্তমান সমীকরণ অনুযায়ী, সেই সুযোগ পাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে আয়ারল্যান্ড।
অন্যদিকে, ২০২৭ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া নারী চ্যাম্পিয়ন্স ট্রফির ছয় দলও চূড়ান্ত হবে ৬ জুলাইয়ের একই র্যাংকিংয়ের ভিত্তিতে। স্বাগতিক শ্রীলঙ্কার পাশাপাশি র্যাংকিংয়ের শীর্ষ পাঁচ দল অংশ নেবে এই টুর্নামেন্টে। বর্তমান অবস্থান অনুযায়ী সম্ভাব্য পাঁচ দল হলো অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।











































