Home Lead শিপইয়ার্ড সড়ক প্রকল্পে দুর্নীতি: কেডিএর প্রধান প্রকৌশলীসহ ৮ জনের বিরুদ্ধে মামলার অনুমতি

শিপইয়ার্ড সড়ক প্রকল্পে দুর্নীতি: কেডিএর প্রধান প্রকৌশলীসহ ৮ জনের বিরুদ্ধে মামলার অনুমতি

1


স্টাফ রিপোর্টার।।

খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) প্রধান প্রকৌশলী কাজী মো. সাবিরুল আলমসহ আটজনের বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত সোমবার কমিশন এ অনুমতি দেয়। শুক্রবার খুলনা দুদকের উপপরিচালক মামুনুর রশীদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

সাবিরুল আলম ছাড়া অন্য অভিযুক্ত ব্যক্তিরা হলেন- আতাউর রহমান খান লিমিটেডের চেয়ারম্যান ও প্রকল্পের লিড পার্টনার মো. আতাউর রহমান, ঠিকাদারি প্রতিষ্ঠান মাহাবুব ব্রাদার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্পের পার্টনার শেখ মাহাবুব রহমান, কেডিএর সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামীম জেহাদ, নির্বাহী প্রকৌশলী (প্রকল্প) মো. আরমান হোসেন, নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মুনতাসির মামুন, সহকারী প্রকৌশলী বাসুদেব কুমার বিশ্বাস এবং উপসহকারী প্রকৌশলী শরীফ ওয়াহিদুজ্জামান।

দুদকের অভিযোগ, খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান মাহাবুব ব্রাদার্স লিমিটেডকে কার্যাদেশ দেওয়া হয়েছিল। তবে প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী সড়ক নির্মাণ না করে সরকারের কয়েক কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনে অভিযোগ আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান শিপইয়ার্ড সড়ক নির্মাণে ১৩ বছর ধরে চলা বিলম্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

খুলনা দুদকের উপপরিচালক মামুনুর রশীদ চৌধুরী বলেন, কমিশন মামলা করার অনুমতি দিয়েছে। তবে এখনো মামলা করা হয়নি। শিগগিরই মামলা করা হবে।