Home খেলাধুলা জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট প্রস্তুতির মঞ্চ

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট প্রস্তুতির মঞ্চ

0

স্পোর্টস ডেস্ক।।

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট শুরু হচ্ছে রবিবার (২৮ জুন)। হারারেতে ম্যাচ শুরুর আগের দিন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, এই টেস্টে বাংলাদেশের লক্ষ্য শুধু জয় নয়। আসন্ন বিদেশ সফরগুলোর আগে ভালো ক্রিকেট খেলে নিজেদের প্রস্তুত করাও।

বাংলাদেশ দল বেশ কয়েকদিন আগেই হারারেতে পৌঁছেছে। টেস্টের আগে সব মিলিয়ে তিনটি অনুশীলন সেশন করেছে তারা। ফলে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত সময় পেয়েছেন ক্রিকেটাররা।

পরে যোগ দেওয়া খেলোয়াড়রাও অনুশীলনের মাধ্যমে অনেকটাই নিজেদের মানিয়ে নিয়েছেন বলে জানান শান্ত, ‘আমরা বেশ কিছু খেলোয়াড় কয়েকদিন আগে এসেছি। এডজাস্টমেন্টটা ভালোভাবেই হয়েছে। যারা পরে এসেছে, তারাও গত কয়েকদিনের অনুশীলনে অনেকটাই মানিয়ে নিয়েছে। আশা করছি, ম্যাচে এ নিয়ে কোনো সমস্যা হবে না।’

প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট টাইগার অধিনায়ক। স্থানীয় সুযোগ-সুবিধার সর্বোচ্চ ব্যবহার করে দল ভালো প্রস্তুতি নিতে পেরেছে বলেই বিশ্বাস শান্তর, ‘এখানে যতটুকু সুবিধা ছিল, তার মধ্যেই আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। সবাই আত্মবিশ্বাসী। গত কয়েকটি সিরিজেও আমরা ভালো ক্রিকেট খেলেছি। বিশ্বাস করি, এই টেস্টেও আমরা ভালো কিছু করতে পারব।’

সামনেই অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলবে বাংলাদেশ। সেই বিদেশ সফরগুলোর কথা মাথায় রেখেই জিম্বাবুয়ের বিপক্ষে এই টেস্টকে গুরুত্বপূর্ণ মনে করছেন শান্ত, ‘আমরা অবশ্যই ম্যাচ জিততে চাই। তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো ভালো ক্রিকেট খেলা। কারণ এই সিরিজের পর আমাদের বেশ কয়েকটি অ্যাওয়ে সিরিজ আছে। এখানে যদি ব্যাটার ও বোলাররা ভালো করতে পারে, তাহলে সেটা সামনের সিরিজগুলোতেও কাজে দেবে।’