Home বিনোদন অভিনেত্রীর ফ্ল্যাট থেকে তরুণ ব্যবসায়ীর লাশ উদ্ধার

অভিনেত্রীর ফ্ল্যাট থেকে তরুণ ব্যবসায়ীর লাশ উদ্ধার

2

বিনোদন ডেস্ক।।

ভারতীয় কন্নড় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী, মডেল এবং ‘বিগ বস কন্নড়’-এর সাবেক প্রতিযোগী কৃষি তপান্ডা। তার ব্যাঙ্গালোরের ফ্ল্যাট থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

মৃত যুবকের নাম বৈশাখ, তার বয়স ৩৩ বছর। তিনি পেশায় ব্যবসায়ী। ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে রাজরাজেশ্বরী নগর থানার পুলিশ।

পুলিশ সূত্রের বরাদে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ওই তরুণ আদতে গিরিনগরের বাসিন্দা।

তবে বেশ কিছুদিন ধরে তিনি কৃষির এই ফ্ল্যাটেই থাকছিলেন। বুধবার অর্থাৎ ঘটনার দিন তিনি ফ্ল্যাটে একাই ছিলেন। চরম সিদ্ধান্ত নেওয়ার আগে বৈশাখ যোগাযোগ করার চেষ্টা করেছিলেন কৃষির সঙ্গে। মেসেজ দেখা মাত্রই আতঙ্কিত হয়ে পড়েন অভিনেত্রী। সঙ্গে সঙ্গে বৈশাখের পরিবারকে বিষয়টি জানান।

খবর পেয়ে ওই তরুণের পরিবারের সদস্যরা দ্রুত কৃষির ফ্ল্যাটে ছুটে যান। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। দরজা ভেঙে তরুণকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ কোনও সুইসাইড নোট বা ভিডিও বার্তা পায়নি। তবে বৈশাখের বাবার অভিযোগের ভিত্তিতে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে যে, চলতি বছরের শুরুর দিকেই বৈশাখ পুলিশের নজরে এসেছিলেন। অরবিন্দ রেড্ডি নামক এক প্রভাবশালী ব্যবসায়ীকে কুরিয়ারের মাধ্যমে কোটি কোটি টাকার হুমকি চিঠি পাঠানোর অভিযোগে পুলিশ বৈশাখকে গ্রেফতার করেছিল। ওই চিঠিতে অরবিন্দকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছিল। পরবর্তীতে বৈশাখ জামিনে মুক্ত হন। এই মামলার মানসিক চাপ নাকি অন্য কোনও ব্যক্তিগত কারণে তিনি আত্মহননের পথ বেছে নিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে ২০১৬ সালে ‘আকিরা’ সিনেমার মাধ্যমে কন্নড় চলচ্চিত্র জগতে অভিষেক হয় কৃষি তপান্ডার। এরপর ‘এরাডু কানাসু’ এবং ‘কন্নড়াক্কাগি ওনদান্নু ওট্টি’-র মতো বেশ কিছু প্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন তিনি। কিচ্চা সুদীপ সঞ্চালিত ‘বিগ বস কন্নড় সিজন ৫’-এ অংশ নিয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। গত বছর প্রজ্জ্বল দেবরাজ ও বেদিকার সঙ্গে তার ‘গানা’ সিনেমাটি মুক্তি পায়।