Home খেলাধুলা ‘যে স্বপ্ন নিয়ে ব্যাট ধরেছিলাম, আজ তা সত্যি হলো’

‘যে স্বপ্ন নিয়ে ব্যাট ধরেছিলাম, আজ তা সত্যি হলো’

6

স্পোর্টস ডেস্ক।।

জাতীয় দলের জার্সিটি হাতে নিয়ে কিছুক্ষণ নির্বাক হয়ে তাকিয়ে ছিলেন বৈভাব সূর্যবংশী। যেন ছোটবেলা থেকে দেখা স্বপ্নটা হুট হঠাৎ করেই বাস্তবে ধরা দিয়েছে তার হাতে।

ভারতের ক্রিকেট বোর্ডের প্রকাশ করা ভিডিওতে ধরা পড়েছে সেই মুহূর্ত। সেখানে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ১৫ বছর বয়সী এই বিস্ময়-বালক বলেছেন, ‘প্রথম দিন ব্যাট হাতে নেওয়ার পর থেকে যে স্বপ্ন দেখেছি, আজ সেটাই সত্যি হলো। ’

ভারতীয় ক্রিকেটের নতুন বিস্ময় বালক সূর্যবংশী এখন জাতীয় দলের দুয়ারে। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অভিষেক হলে গড়বেন ইতিহাস। তবে রেকর্ডের অপেক্ষার আগেই জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর অনুভূতিই তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।

জাতীয় দলের জার্সি হাতে পাওয়ার সেই মুহূর্তের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সূর্যবংশী, ‘অনুভূতি প্রকাশ করার মতো ভাষা নেই। যে স্বপ্ন নিয়ে ক্রিকেট শুরু করেছিলাম, আজ সেই স্বপ্ন সত্যি হলো। এটা এমন এক মুহূর্ত, যা কথায় বোঝানো সম্ভব নয়।’

ভারতের ক্রিকেট বোর্ডের ভিডিওতে দেখা যায়, জার্সি হাতে নিয়ে বেশ কিছুক্ষণ মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলেন তিনি। সেই অনুভূতির বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘স্বপ্নের মতো লাগছিল। জার্সিটা দেখে এতটাই খুশি হয়েছিলাম যে শুধু হাসছিলাম। বাস্তবে এমন কিছু হয়ে গেলে কী করতে হয়, সেটাই বুঝে উঠতে পারছিলাম না।’

আয়ারল্যান্ডের বিপক্ষে শুক্রবার (২৬ জুন) মাঠে নামতে পারলে ভারতের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়বেন সূর্যবংশী। ১৫ বছর ৯১ দিন বয়সে অভিষেক হলে ভেঙে যাবে প্রায় ৩৭ বছর ধরে শচীন টেন্ডুলকারের দখলে থাকা রেকর্ডটি।

অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার আগেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই কিশোর। ভারতের ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলেছেন ২৯ বলে ৯৪ রানের বিধ্বংসী ইনিংস। এবার অপেক্ষায়, আন্তর্জাতিক ক্রিকেটেও নিজের ঝলক দেখাতে।