Home বিনোদন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি অভিনেত্রীদের জন্য কঠিন: তামান্না

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি অভিনেত্রীদের জন্য কঠিন: তামান্না

10


বিনোদন ডেস্ক ||

ভারতের দক্ষিণী সিনেমার তারকা অভিনেত্রী তামান্না ভাটিয়া। বলিউডের চলচ্চিত্রেও কাজ করেছেন। শরীরি সৌন্দর্য কিংবা নাচের হিল্লোল—নানাভাবে দর্শকদের মুগ্ধ করেছেন। দুই ইন্ডাস্ট্রিতে কাজের অভিজ্ঞতা থেকে তিনি জানান, দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি অভিনেত্রীদের জন্য কঠিন।

ফোর্বস ইন্ডিয়াকে সাক্ষাৎকার দিয়েছেন তামান্না ভাটিয়া। এ আলাপচারিতায় ৩৬ বছর বয়সি এই অভিনেত্রী বলিউড ও দক্ষিণী চলচ্চিত্রশিল্পের মধ্যে তুলনামূলক পার্থক্য ব্যাখ্যা করতে গিয়ে এমন মন্তব্য করেন।

তামান্না ভাটিয়া বলেন, “হিন্দি চলচ্চিত্রশিল্পে মূলত দুই ধরনের অভিনেতা-অভিনেত্রী রয়েছেন। কেউ কেউ শিল্পধর্মী চরিত্রে বেশি স্বচ্ছন্দ, তারা হয়তো গ্ল্যামারাস গান বা নাচভিত্তিক পরিবেশনায় অংশ নেন না। হিন্দি ইন্ডাস্ট্রি আপনাকে যেকোনো একটি পথ বেছে নেওয়ার সুযোগ দেয়। আর যারা দুই দিকই সামলাতে পারেন, তারাই শেষ পর্যন্ত সুপারস্টার হয়ে ওঠেন।”

অন্যদিকে, দক্ষিণী চলচ্চিত্রশিল্পে কাজের অভিজ্ঞতা নিয়ে তামান্না ভাটিয়া বলেন, “আমি যখন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করি, তখন বুঝতে পারি কেন অনেকেই এ নিয়ে বিভিন্ন মন্তব্য করেন। এখানে নির্দিষ্ট একটি দৃষ্টিভঙ্গি রয়েছে। অনেক সময় সেটি পিতৃতান্ত্রিক মনে হয়, আর নারীদের প্রতি সেই দৃষ্টিভঙ্গি সবসময় ইতিবাচকও নয়।”

বাণিজ্যিক ঘরানার দক্ষিণী সিনেমায় টিকে থাকতে হলে একজন অভিনেত্রীকে একইসঙ্গে অভিনয়নির্ভর চরিত্র এবং গ্ল্যামারাস নাচ-গানের পরিবেশনায় দক্ষ হতে হয়। দীর্ঘ সময় ধরে যেসব অভিনেত্রী সফলভাবে কাজ করেছেন, তাদের বেশিরভাগই এই দুই দিকের ভারসাম্য বজায় রাখতে পেরেছেন বলে মত তামান্নার।

বিষয়টি ব্যাখ্যা করে তামান্না ভাটিয়া বলেন, “দক্ষিণী সিনেমায় তারকাসুলভ উপস্থিতি থাকা জরুরি, যাতে একজন শিল্পী এসব বিষয় সফলভাবে সামলাতে পারেন। ব্যক্তিগতভাবে আমার মনে হয়, বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে দক্ষিণী সিনেমা এ ক্ষেত্রে সমান বা আরো বেশি সীমাবদ্ধতা তৈরি করে।”

সাক্ষাৎকারে তথাকথিত ‘আইটেম গান’ নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন তামান্না। তিনি বলেন, “আইটেম গান’ শব্দটির বদলে ‘পার্টি সং’ বলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি।”

এ প্রসঙ্গে কারিনা কাপুর ও ক্যাটরিনা কাইফের উদাহরণ টেনে তামান্না ভাটিয়া বলেন, “অনেক সময় কোনো সিনেমার চেয়ে গান বেশি জনপ্রিয় হয়ে ওঠে এবং সাংস্কৃতিক বিষয়ে পরিণত হয়। ‘ছাম্মাক ছাল্লো’ কিংবা ‘শীলা কি জাওয়ানি’-এর মতো গান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, যদিও সংশ্লিষ্ট সিনেমাগুলো একই মাত্রার সাফল্য পায়নি।”

তামান্না অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ওডেলা টু’। গত বছরের ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। তেলেগু ভাষার সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। বর্তমানে হিন্দি ভাষার পাঁচটি ও তামিল ভাষার একটি সিনেমার কাজ তামান্নার হাতে রয়েছে। এগুলো হলো—‘ভিভ্যান’, ‘ভি. শান্তারাম’, ‘রেঞ্জার’, ‘মারিয়া আইপিএস’, ‘রাগিনি থ্রি’ ও ‘পুরুষণ’।