Home বিনোদন বদলে গেল ‘দিদি নাম্বার ১’: রচনা আউট, স্বস্তিকার ইন

বদলে গেল ‘দিদি নাম্বার ১’: রচনা আউট, স্বস্তিকার ইন

3


বিনোদন ডেস্ক ||

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর বদলে গেছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক আবহ। এ হাওয়া লেগেছে প্রতিটি অঙ্গনে। এ পরিস্থিতিতে বদলে গেল জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নম্বর ১’-এর সঞ্চালক। এক দশকেরও বেশি সময় ধরে শোটি উপস্থাপনা করছিলেন তৃণমূলের সংসদ সদস্য ও অভিনেত্রী রচনা ব্যানার্জি। তার বদলে দশম সিজন থেকে সঞ্চালকের আসনে দেখা যাবে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিকে।

টেলিভিশন পর্দায় এই বড় পরিবর্তনের খবর ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। একটি অংশ স্বস্তিকা মুখার্জিকে অভিবাদন জানাচ্ছেন। ভক্ত-অনুরাগীদের ভালোবাসা ও কমেন্ট নিয়ে এবার মুখ খুললেন এই অভিনেত্রী।

ইনস্টাগ্রামে একজন মন্তব্য করেন, “এবার রচনা ব্যানার্জির একটু বিশ্রাম প্রয়োজন। কারণ টানা ১০ বছর ধরে এই ধরণের একটি শো চালানো কঠিন। ” এই মন্তব্যের জবাবে শোয়ের ইতিহাস মনে করিয়ে দেন স্বস্তিকা। তিনি লেখেন, “আমি সবসময়ই আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। আশা করি, আপনারা এবং এই শোয়ের সমস্ত অন্ধ ভক্তরা এটি উপভোগ করবেন। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। তবে এই শো ১০ বছর নয়, টানা ২০ বছর ধরে চলছে! তাই এটা একটা মস্ত বড় দায়িত্ব। ”

স্বস্তিকা মুখার্জি নারী অধিকার ও মেয়েদের পাশে দাঁড়ানোর জন্য সুপরিচিত। তাই একজন লেখেন, “ওএমজি, লাভ ইউ স্বস্তিকাদি! এতদিনে সত্যি যে মেয়েদের কথা ভাবে, তেমন একটা মানুষকে জি বাংলা ‘দিদি নম্বর ১’ হিসেবে নিয়ে এলো। ” এ মন্তব্যের জবাবে স্বস্তিকা মুখার্জি লেখেন, “এই প্রশংসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ”

‘দিদি নম্বর ১’-এর প্রতিটি পর্বে ৪-৫ জন প্রতিযোগী অংশ নিতেন। তবে দশম সিজন থেকে প্রতিযোগীর সংখ্যা দ্বিগুণ করা হচ্ছে। প্রতিটি পর্বে একসঙ্গে অংশ নেবেন ১০ জন প্রতিযোগী। প্রতিযোগীর সংখ্যা এত বেড়ে যাওয়ার কারণে গেম ফরম্যাট, খেলার নিয়মেও রদবদল আসছে।

আগে শনি, রবিবারসহ সপ্তাহের প্রায় প্রতিদিনই দিদিদের লড়াই দেখার সুযোগ পেতেন দর্শকরা। তবে নতুন সিজন শনি, রবিবার দেখা যাবে না। বরং সপ্তাহে ৫ দিন (সোম থেকে শুক্র) প্রচার হবে। আগামী ২৯ জুন নতুন সিজনের প্রথম পর্ব প্রচার হবে। আর এ পর্বে সঞ্চালক হিসেবে দেখা যাবে স্বস্তিকা মুখার্জিকে।

প্রচারের সময়েও পরিবর্তন আনা হয়েছে। মূলত, প্রতিদিন বিকেলে সম্প্রচারিত হতো ‘দিদি নাম্বার ১’। রবিবারের স্পেশাল এপিসোড রাতে দেখা যেত। তবে বিকেলের সেই চেনা স্লট অতীত হতে যাচ্ছে। নতুন সিজন থেকে রাত ১০টা ১৫ মিনিটে সম্প্রচারিত হবে এই শো।