Home আঞ্চলিক তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও ‘আশিক গ্রুপ’-এর প্রধান শুটার পারভেজ গ্রেপ্তার

তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও ‘আশিক গ্রুপ’-এর প্রধান শুটার পারভেজ গ্রেপ্তার

0


স্টাফ রিপোর্টার।।


খুলনা মহানগরীতে গুম, খুন, চাঁদাবাজি ও ভাড়াটে খুনি হিসেবে ত্রাস সৃষ্টিকারী অন্যতম শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী মো. পারভেজ গাজীকে গ্রেপ্তার করেছে কেএমপি’র লবণচরা থানা পুলিশ। মঙ্গলবার (২৩ জুন, ২০২৬) রাত আনুমানিক ২:৩০ ঘটিকায় লবণচরা থানা এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত পারভেজ খুলনা মহানগরীর কুখ্যাত ‘আশিক গ্রুপ’-এর প্রধান শুটার হিসেবে কর্মরত ছিল।
লবণচরা থানা সূত্রে জানা গেছে, কেএমপি’র লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশারেফ হোসেনের নেতৃত্বে এসআই পীযূষ দাশ ও সঙ্গীয় ফোর্স লবনচরা থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে মোক্তার হোসেন সড়ক (০৭ নং গলি) এলাকা থেকে নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি মো. পারভেজ গাজী ওরফে পারভেজ (৩২)-কে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃত পারভেজ ওই এলাকার নূর ইসলাম গাজী ওরফে নুরু ইসলামের ছেলে।


লবণচরা থানা পুলিশ জানায়, পারভেজ বর্তমান সময়ে খুলনার অপরাধ জগতের অন্যতম আতঙ্ক ‘আশিক গ্রুপ’-এর প্রধান শুটার বা অস্ত্রধারী ক্যাডার। লবণচরাসহ আশপাশের থানা এলাকায় গুম, খুন, চাঁদাবাজি এবং ভাড়ায় খুনের (কন্ট্রাক্ট কিলিং) মতো জঘন্য অপরাধের সাথে সে সরাসরি জড়িত। অতি সম্প্রতি লবনচরা থানা এলাকায় সংঘটিত একাধিক গুলিবর্ষণের ঘটনার মূল হোতা এই পারভেজ। সে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) তালিকাভুক্ত অন্যতম শীর্ষ সন্ত্রাসী।


লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন জানান, শীর্ষ সন্ত্রাসী পারভেজকে গ্রেপ্তারের পর বর্তমানে তাকে থানা হেফাজতে গভীর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে অস্ত্র উদ্ধার এবং ‘আশিক গ্রুপ’-এর অন্য সহযোগীদের অবস্থান শনাক্ত করতে পুলিশের প্রক্রিয়া চলমান রয়েছে। খুলনা মহানগরীকে অপরাধ ও সন্ত্রাসমুক্ত রাখতে এই ধরণের চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।