ঢাকা অফিস
জাতীয় চিড়িয়াখানা থেকে ‘ডোনাল্ড ট্রাম্প’খ্যাত সাদা মহিষটি সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রশাসনিক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে চিড়িয়াখানায় থাকা সাদা মহিষটি সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের কাছে স্থানান্তর করা হয়েছে।
ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার বলেন, প্রাণিটির সংরক্ষণ, গবেষণা ও প্রজনন কার্যক্রমকে আরও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানান্তরের পুরো প্রক্রিয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে।
প্রসঙ্গত, গত কোরবানির ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জের একটি খামারে থাকা বিরল অ্যালবিনো প্রজাতির একটি সাদা মহিষের নাম নামকরণ করা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। মাথার সামনের অংশের বিশেষ ধরনের চুলের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিলিয়ে মহিষ মালিক ‘ডোনাল্ড ট্রাম্প’। মার্কিন প্রেসিডেন্টের নামে মহিষের নামকরণ করায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।
পরে কোরবানি না দিয়ে প্রাণিটি সংরক্ষণের সিদ্ধান্ত নেয় সরকার এবং গত ২৭ মে জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়। সেখানে প্রদর্শনের পর এটি দর্শনার্থীদের অন্যতম আকর্ষণে পরিণত হয়। সর্বশেষ প্রশাসনিক সিদ্ধান্তে এটি বিএলআরআই-তে স্থানান্তর করা হয়েছে।










































