স্টাফ রিপোর্টার
২০২৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে দেশের সম্ভাবনাময় তরুণ ক্রিকেটারদের বাছাই ও উন্নত প্রশিক্ষণের লক্ষ্যে খুলনায় চলমান বিশেষ প্রস্তুতি ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত পরিচালক মো. শফিকুল আলম তুহিন।
সোমবার (২২ জুন) বিকেল ৪টায় খুলনা বিভাগীয় স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ দলের চতুর্থ প্রস্তুতি ম্যাচ চলাকালে তিনি মাঠ পরিদর্শন করেন এবং খেলোয়াড়দের অনুশীলন কার্যক্রম ও সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিসিবি কাউন্সিলর মো. চৌধুরী শফিকুল ইসলাম হোসেনসহ বোর্ডের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিদর্শনকালে বিসিবি পরিচালককে স্বাগত জানান খুলনা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামের সহকারী ম্যানেজার (গ্রাউন্ডস) মো. শহিদুল ইসলাম, ভেন্যু ম্যানেজার আল আমিন এবং ভেন্যু কো-অর্ডিনেটর মো. মোস্তাফিজুর রহমান। বিসিবির দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ২০২৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য সম্ভাবনাময় ক্রিকেটার গড়ে তুলতে খুলনা ভেন্যুেত ৪৫ জন ক্রিকেটারকে নিয়ে এই বিশেষ ক্যাম্প আয়োজন করা হয়েছে। গত ১৫ জুন শুরু হওয়া ক্যাম্পটি চলবে আগামী ২৭ জুন পর্যন্ত।
ক্যাম্পে অংশ নেওয়া ক্রিকেটারদের কয়েকটি স্কোয়াডে ভাগ করে মোট ছয়টি একদিনের (৫০ ওভারের) প্রস্তুতি ম্যাচ আয়োজন করা হয়েছে। সোমবার সফলভাবে চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৪ জুন পঞ্চম এবং ২৭ জুন শেষ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিসিবি সূত্রে জানা গেছে, এসব ম্যাচে ক্রিকেটারদের পারফরম্যান্স, দক্ষতা ও মানসিক সক্ষমতা মূল্যায়নের মাধ্যমে ভবিষ্যৎ অনূর্ধ্ব-১৯ দলের জন্য প্রাথমিক খেলোয়াড় নির্বাচন প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। দেশের ক্রিকেটের আগামী দিনের তারকা খুঁজে বের করার লক্ষ্যেই এই ক্যাম্পকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বোর্ড।










































