Home বিনোদন সুড়ঙ্গ থেকে গ্রেপ্তার হওয়া সেই ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন নায়িকা...

সুড়ঙ্গ থেকে গ্রেপ্তার হওয়া সেই ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন নায়িকা ববি

2

বিনোদন ডেস্ক।।

প্রতারণার একাধিক অভিযোগে গ্রেপ্তার হওয়া বিটিএল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মির্জা আবুল বাশারকে ঘিরে ছড়িয়ে পড়া গুঞ্জনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন গণমাধ্যমে আবুল বাশারকে তাঁর স্বামী হিসেবে উল্লেখ করা হলে বিষয়টিকে ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’ বলে দাবি করেন এই অভিনেত্রী।

শনিবার (২১ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ববি বলেন, ব্যবসায়ী মির্জা আবুল বাশারকে কেন্দ্র করে তাঁকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে চটকদার সংবাদ প্রকাশ করা হয়েছে। কোথাও তাঁকে ‘কথিত স্ত্রী’, আবার কোথাও ‘স্ত্রী’ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ বানোয়াট।

ববি লেখেন, মূলত ভিউ বাণিজ্য ও আমার সম্মানহানি করতেই একটি কুচক্রী মহল এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। তবে দেশের গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি আমার আস্থা রয়েছে।

তিনি আরও বলেন, আমাকে হেয় করার উদ্দেশ্যে যেসব গণমাধ্যম ভুয়া তথ্য প্রচার করেছে, তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপনারা আমাকে দীর্ঘদিন ধরে চেনেন। যদি আমি বিয়ের মতো পবিত্র সম্পর্কে আবদ্ধ হই, সেটি অবশ্যই আমি নিজেই সবাইকে জানাব।

এর আগে শনিবার (২০ জুন) রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আল আমিন হোসাইন জানান, চাকরি দেওয়ার প্রলোভন, ব্যবসায় বিনিয়োগ, গাড়ি কেনাবেচা এবং কোরবানির গরু কেনার নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে মির্জা আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গাড়ি কেনাবেচার নামে অর্থ আত্মসাতের অভিযোগে গত বছরের ২৩ ডিসেম্বর গুলশান থানায় তাঁর বিরুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের করা হয়। এরপর থেকে একাধিকবার গ্রেপ্তারের চেষ্টা চালানো হলেও তিনি অবস্থান পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে গুলশান-১ এলাকার একটি বাসায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার এড়াতে আবুল বাশার বাসার ভেতরে তৈরি করা একটি সুড়ঙ্গসদৃশ গোপন স্থানে লুকিয়ে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। প্রায় ১৮ ঘণ্টার অভিযানের পর শনিবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়।