Home বিনোদন মেসির ছবি আঁকলেন চঞ্চল চৌধুরী

মেসির ছবি আঁকলেন চঞ্চল চৌধুরী

1

বিনোদন ডেস্ক।।

ফুটবল বিশ্বকাপের উন্মাদনার ছোঁয়া লেগেছে বাংলাদেশের শোবিজ অঙ্গনেও। প্রিয় দল ও খেলোয়াড়কে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন তারকারা।

তবে শুধু সমর্থনেই থেমে থাকেননি অভিনেতা চঞ্চল চৌধুরী। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির প্রতি ভালোবাসা প্রকাশ করতে নিজ হাতে মেসির স্কেচ এঁকেছেন, যা ইতোমধ্যেই মুগ্ধ করেছে ভক্তদের।

নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে শনিবার (২০ জুন) দুপুরে মেসির স্কেচটি প্রকাশ করেন চঞ্চল। নিখুঁত আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে মেসির চুল, দাড়ি, চোখ ও স্বাক্ষরসুলভ হাসি।

ছবির ক্যাপশনে ‘আয়নাবাজি’ তারকা লেখেন, ‘আমি মেসির একটা ছবি আঁকব, এটা দেখে মেসি ভক্তরা খুশী হতেই পারেন। আঁকলাম। প্রিয় খেলোয়াড় বলে কথা! এখন লাইক-শেয়ার আপনার ব্যাপার।’

চঞ্চলের আঁকা মেসির প্রতিকৃতি দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরাও। পোস্টটি প্রকাশের পাঁচ ঘণ্টায় ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়ে। চার শতাধিক মন্তব্যে ভক্তরা অভিনেতার প্রতিভার প্রশংসা করেছেন।

অভিনয়ের পাশাপাশি গান ও চিত্রাঙ্কনেও সমান দক্ষ চঞ্চল চৌধুরী। প্রায়ই নিজের আঁকা বিভিন্ন প্রতিকৃতি সামাজিকমাধ্যমে প্রকাশ করেন তিনি। এর আগে সত্যজিৎ রায়, তারিক আনাম খান, বাপ্পা মজুমদার, সালাহউদ্দিন লাভলু, রায়হান রাফী, তাসনিয়া ফারিণ ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-সহ অনেকের ছবি এঁকেছেন এই অভিনেতা।