বিনোদন ডেস্ক।।
উন্নত প্রযুক্তির যুগে একেবারে হাতের মুঠোয় তারকারা। এ কারণেই প্রায়ই নানা সমস্যার সম্মুখীন হন তারা। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে জটিলতা আরও বাড়ছে। ‘ডিপফেক’-এর ব্যবহার বাড়ায় একেবারে নাজেহাল তারকারা।
বিনা অনুমতিতেই বিভিন্ন ওয়েবসাইটে ব্যবহৃত হচ্ছে তারকাদের ছবি, কণ্ঠস্বর। সাম্প্রতিক অতীতে ঐশ্বরিয়া রাই বচ্চন থেকে সালমান খান, বিবেক ওবেরয়, আল্লু অর্জুন, বরুণ ধাওয়ানসহ একাধিক তারকা এই ঘটনার শিকার।
ব্যক্তিগত অধিকার রক্ষার্থে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা। এবার সেই তালিকায় যোগ দিলেন বলিউডের ‘বাবলি গার্ল’ প্রীতি জিনতা। বম্বে হাইকোর্টের কাছে সুরক্ষা চাইলেন অভিনেত্রী। অভিযোগ, মেটা ও গুগলসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম তার চেহারা ও পরিচয় ব্যবহার করে এআই দ্বারা নির্মিত কনটেন্ট তৈরি করে আপলোড করা হচ্ছে। যা তার ব্যক্তিত্বগত অধিকার, কপিরাইট এবং সুনামকে ক্ষতিগ্রস্থ করেছে।
এখানেই শেষ নয়, ১৯৫৭ সালের কপি রাইট অ্যাক্ট অনুযায়ী, তার নৈতিক অধিকার লঙ্ঘনের অভিযোগও তুলেছেন প্রীতি।
বিচারপতি অভয় আহুজার একক বেঞ্চ অভিনেত্রীর আবেদন গ্রহণ করে মামলা দায়েরের অনুমতি দিয়েছে। এর ফলে নিষেধাজ্ঞার মোকদ্দমা লড়তে পারবেন। অভিযোগে উল্লিখিত কার্যকলাপ খতিয়ে দেখে বম্বে হাইকোর্ট মামলার পরবর্তী শুনানির তারিখ জানাবে। সাম্প্রতিক সময়ে এআই প্রযুক্তির প্রসারের ফলে ব্যক্তিগত অধিকার লঙ্ঘনের ঘটনাও বেড়েছে তা বলাই বাহুল্য।
বিভিন্ন অভিনেতা, অভিনেত্রীর ছবি, কণ্ঠস্বর এবং পরিচয় নকল করে ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ানোর অভিযোগ উঠছে। সাম্প্রতিক অতীতে ইন্ডাস্ট্রির হাই প্রোফাইল তারকারা ব্যক্তিগত অধিকার রক্ষার্থে নিষেধাজ্ঞার অনুমতি পেয়েছেন।
প্রসঙ্গত, এই মুহূর্তে প্রীতি জিনতা তার আসন্ন সিনেমা ‘বাটোয়ারা ১৯৪৭’-এর প্রচারে ব্যস্ত। এর মাঝেই ব্যক্তিগত জীবনের সমস্যা সমাধানে আদালতের দ্বারস্থ হলেন অভিনেত্রী।











































