Home বিনোদন সত্যের সন্ধানে নেমে বিপাকে অপূর্ব-ইয়াশ?

সত্যের সন্ধানে নেমে বিপাকে অপূর্ব-ইয়াশ?

0

বিনোদন ডেস্ক।।

সাংবাদিকতার জগৎ, সত্য অনুসন্ধানের নিরন্তর লড়াই। আর সেই অনুসন্ধানের আড়ালে লুকিয়ে থাকা পারিবারিক সম্পর্ক, ব্যক্তিগত সংকট ও মানবিক টানাপোড়েনের এক গল্প উঠে এসেছে ‘হেডলাইন’-এর অফিসিয়াল ট্রেলারে।

সালেহ সোবহান অনীম পরিচালিত এই সিরিজটি আগামী ২৫ জুন থেকে স্ট্রিম হবে হইচইতে। ট্রেলারে আরো উঠে এসেছে একটি গোপন সত্য উন্মোচনের তীব্র আকাঙ্ক্ষা এবং তার পরিণতি ঘিরে তৈরি হয়েছে রহস্য ও উত্তেজনার আবহ।

যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে তুলবে। ৮ পর্বের সিরিজ ‘হেডলাইন’-এ অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, ইয়াশ রোহান, আফসান আরা বিন্দু, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, শ্যামল মাওলা, রাই রাজন্যা, অর্নিল বিরল, মনিরুল ইসলাম রুবেল, আমিনুর রহমান মুকুল, এ কে আজাদ সেতু, সাহানা রহমান সুমি, আরিফিন জিলানী জাহাঙ্গীর আলম সহ আরও অনেক।

গল্পে দেখা যাবে- তরুণ রিপোর্টার সামিউল ভেবেছিল যে সে ক্যারিয়ারের সবচেয়ে বড় ব্রেকটা পেয়েই গেছে। বিশাল এক মানি লন্ডারিং সিন্ডিকেটের তথ্য ফাঁস করে দিয়েছিল সে।

কিন্তু প্রথম পাতায় ছাপা তার প্রতিবেদনটা রাতারাতি গায়েব হয়ে যায়। তখন সে হাড়ে হাড়ে টের পায় ছাপাখানার কালির দাম সস্তা হতে পারে, কিন্তু রক্তের দাম অনেক বেশি।

অন্যদিকে তার ইনভেস্টিগেশন পার্টনার পোড়খাওয়া সাংবাদিক জহির বাধ্য হয় গা ঢাকা দিতে। তার ওপর তাদেরকে ধরার জন্য হন্যে হয়ে পিছু লেগেছে দুর্নীতিবাজ ডিবি অফিসাররা। উপায় না পেয়ে সামিউল আর জহির জড়িয়ে পড়ে এক মরণঘাতী ইঁদুর-বিড়াল খেলায়।

তারা বুঝে যায় শুধু গা বাঁচানোর চেষ্টা করলে ঝড় কখনোই তাদের পিছু ছাড়বে না। তবে সাহস করে একবার ঝড়ের মুখোমুখি হতে পারলে আকাশ-ভাঙা তুফানও একসময় হাল ছেড়ে দিতে বাধ্য।

গোলাম মামুন মুক্তির প্রায় দুই বছর পর আবারও ওটিটিতে ফিরেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। আসন্ন ওয়েব সিরিজ ‘হেডলাইন’-এ তিনি অভিনয় করেছেন একজন সাংবাদিকের চরিত্রে, যার নাম জহির।

জহির চরিত্রে অভিনয়ের সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে অপূর্ব বলেন, জহির চরিত্রটার একটা দারুণ গ্রাফ আছে। গল্পের বিভিন্ন পর্যায়ে তাকে ভিন্ন ভিন্ন রূপে দেখা যায়। কখনো সে খুবই আবেগপ্রবণ, আবার কখনো বাস্তবতার কঠিন মুখোমুখি দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। একজন অভিনেতা হিসেবে এই ধরনের বহুস্তরীয় চরিত্র সবসময়ই আমাকে আকৃষ্ট করে।

তিনি আরো যোগ করেন, শুধু চরিত্র নয়, হেডলাইন-এর গল্পটাও আমাকে ভীষণভাবে টেনেছে। গল্পের গতি, রহস্য, এবং সমসাময়িক প্রেক্ষাপট এতটাই শক্তিশালী যে এই প্রজেক্টে কাজ না করার কোনো কারণই ছিল না। দর্শকরা এমন একটি গল্প দেখতে পাবেন, যা তাদের বিনোদন দেওয়ার পাশাপাশি ভাবতেও বাধ্য করবে।

দীর্ঘদিন তিন বছর পর আবারও ওটিটির কাজে প্রত্যাবর্তন করেছেন আফসান আরা বিন্দু। আর এই মাধ্যমেই ওটিটি প্ল্যাটফর্মে সিরিজে অভিষেক হতে যাচ্ছে তার। সিরিজে তার চরিত্রটির নাম আইরিন। বিন্দুও অপেক্ষায় আছে সিরিজটি মুক্তির।

সিরিজে নিজের চরিত্র নিয়ে ইয়াশ রোহান বলেন, সামিউল চরিত্রটার জন্য আমি পুরো ক্যারিয়ারজুড়েই অপেক্ষা করেছি। সামিউল এমন একটা চরিত্র যেখানে অভিনয় করতে গিয়ে আমি ইয়াশ থাকিনি, হয়ে উঠেছিলাম সামিউল। এই চরিত্রটির জন্য আমি হার্ট এন্ড সোল দিয়েছি। আশা করি, দর্শকরা সামিউলের গল্প ও অনুভূতির সঙ্গে নিজেদের কানেক্ট করতে পারবেন।

সারিকা সাবরিন-এর চরিত্রের নাম দোলন। তিনি জানান, ট্রেলার দেখার পর ধারণা করছেন দর্শকের প্রত্যাশা আরও কয়েক গুণ বেড়ে গেছে। এখনও বাকি চমক থাকছে পুরো সিরিজে।