পরাজিত শক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেছেন, বিগত দেড় দশকের স্বৈরাচারী শাসনের অবসান হলেও পরাজিত শক্তির দোসররা এখনো ষড়যন্ত্রের জাল বুনে চলেছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমকে হাতিয়ার করে বর্তমান সরকার এবং জনমানুষের দল বিএনপির বিরুদ্ধে নানামুখী অপপ্রচার চালাচ্ছে। তৃণমূলের প্রতিটি নেতা-কর্মীকে অতন্দ্র প্রহরীর মতো জেগে থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে এই মিথ্যাচারের জবাব দিয়ে অপশক্তির মুখোশ উন্মোচন করতে হবে।
বুধবার (১৭ জুন) বেলা ১১টায় খুলনা মহানগর বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় এড. মনা মাঠপর্যায়ের নেতা-কর্মীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যাঁদের রক্ত ও ঘামের বিনিময়ে আজ আমরা ফ্যাসিবাদের অন্ধকার থেকে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছি, সেই তৃণমূলের ত্যাগী নেতা-কর্মীরাই দলের আসল চালিকাশক্তি। কেউ যদি দলের নাম ভাঙিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা, চাঁদাবাজি বা জনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। ক্ষমতার দাপট নয়, বরং মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করাই আমাদের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, খুলনা সবসময়ই সামাজিক সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার চারণভূমি। আমরা একটি বৈষম্যহীন ও নিরাপদ খুলনা গড়তে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে প্রতিটি নাগরিক তাঁর পূর্ণ অধিকার নিয়ে মাথা উঁচু করে বাঁচবেন। মনে রাখবেন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা দলের পকেট প্রতিষ্ঠান নয়, এটি খুলনাবাসীর স্বপ্নের প্রতিষ্ঠান। অতীতে এই প্রতিষ্ঠানকে স্থবির করে রাখা হয়েছিল। আমরা সেই আমলাতান্ত্রিক জটিলতা ও স্থবিরতা কাটিয়ে কেডিএ-কে একটি জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে চাই। পরিকল্পিত নগরায়ণ, জলাবদ্ধতা দূরীকরণ এবং আধুনিক খুলনা গড়ার এই লড়াইয়ে কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম বরদাশত করা হবে না।

জরুরি এই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, বদরুল আনাম খান, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, থানা সভাপতি কে এম হুমায়ূন কবির, সেখ হাফিজুর রহমান মনি, মুর্শিদ কামাল এবং এড. শেখ মোহাম্মদ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন থানা সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ, শেখ ইমাম হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, আসাদুজ্জামান আসাদ, আহসান মৃধা খোকন, জামাল তালুকদার, মিজানুর রহমান মিলটন, রকিবুল ইসলাম মতি, বিপ্লবুর রহমান কুদ্দুস, মতলেবুর রহমান মিতুল ও মো. নাসির উদ্দিন, মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন, খুলনা মহানগর মহিলা দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হালিমা আক্তার খানম, জাসাসের আহ্বায়ক ইঞ্জিনিয়ার নূর ইসলাম বাচ্চু, সদস্য সচিব কে এম এ জলিল, খুলনা মহানগর শ্রমিক দলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম শফি, মহানগর কৃষক দলের সদস্য সচিব শেখ আদনান ইসলাম দীপ, ছাত্রদলের আহ্বায়ক মো. তাজিম বিশ্বাস, সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব এবং নূরুল হুদা পলাশসহ থানা ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে স্বরাষ্ট্রমন্ত্রীর খুলনা সফর সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং খুলনা মহানগর বিএনপির প্রয়াত সিনিয়র নেতা সাহারুজ্জামান মোর্ত্তজার স্মরণে নাগরিক সভা আয়োজনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
অনিবার্য কারণবশত ‘নাগরিক সংলাপ’ স্থগিত : আগামী ২০ জুন, শনিবার খুলনা প্রেসক্লাব মিলনায়তনে খুলনা মহানগর ৫ থানা বিএনপির আয়োজিত ‘খুলনার উন্নয়ন অগ্রযাত্রায় নাগরিক সংলাপ’ কর্মসূচিটি অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
বুধবার (১৭ জুন) মহানগর বিএনপির মিডিয়া সেল প্রদত্ত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর বিজ্ঞপ্তিতে স্থগিত হওয়া এই ‘নাগরিক সংলাপ’-এর পরবর্তী নতুন তারিখ ও সময় যথাসময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে পুনরায় জানিয়ে দেওয়া হবে।










































