Home বিনোদন দাম্পত্য জীবনের আবেগঘন গল্পে ফারিন খান

দাম্পত্য জীবনের আবেগঘন গল্পে ফারিন খান

4


বিনোদন প্রতিবেদক।।


ভিন্নধর্মী গল্প ও চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কেড়েছেন অভিনেত্রী ও মডেল ফারিন খান। এবার তিনি অভিনয় করতে যাচ্ছেন দাম্পত্য জীবনের আবেগঘন এক নতুন গল্পভিত্তিক নাটকে। একক নাটকটির নাম ‘রোদের জোসনা’।

এতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর। আজ উত্তরায় শুরু হবে নাটকটির দৃশ্যধারণ।

নাটকে ফারিনকে দেখা যাবে জোসনা চরিত্রে। বিয়ের পর স্বামী-স্ত্রীর সংসারজীবন সুখেই কাটছিল। কিন্তু কিছুদিন পর জোসনার মৃত্যু ঘটে। তাঁকে ঘিরে ছেলেটির জীবনে শুরু হয় নানা ঘটনা ও আবেগঘন টানাপোড়েন। সেই ঘটনাপ্রবাহের মধ্য দিয়েই এগিয়ে যায় নাটকের গল্প।

নাটকে অভিনয় প্রসঙ্গে ফারিন বলেন, ‘নাটকের গল্প অসাধারণ। এক নবদম্পতির জীবনের নানা টানাপোড়েন ও আবেগঘন মুহূর্তকে কেন্দ্র করে গল্পটি এগিয়ে যাবে। ঈদের পর এই নাটকের মাধ্যমে নতুন করে কাজের খাতা খুলতে যাচ্ছি।’

টিভি নাটক ও ওয়েব কনটেন্টের কাজ নিয়ে বছরজুড়েই ব্যস্ত সময় পার করেন ফারিন। গেল ঈদে তাঁর অভিনীত ‘বলো ভালোবাসি’সহ বেশ কয়েকটি নাটক দর্শকদের সামনে এসেছে।

ফারিন জানান, তৌফিকুল ইসলাম পরিচালিত ‘বলো ভালোবাসি’ নাটকটি দিয়ে তিনি সবচেয়ে বেশি দর্শকসাড়া পেয়েছেন।

অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও সরব রয়েছেন তিনি। সম্প্রতি একটি সুগন্ধি পণ্যের মডেল হয়েছেন ফারিন। শিগগিরই এর প্রচার শুরু হবে। বর্তমানে চলচ্চিত্রেও মনোযোগী এই অভিনেত্রী। তাঁর হাতে রয়েছে কয়েকটি সিনেমার চিত্রনাট্য। মনের মতো গল্প ও শক্তিশালী চরিত্র পেলে চলতি বছরই বড় পর্দায় দেখা যেতে পারে ফারিন খানকে।