বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটে কৃষক দল নেতা হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন বিএনপির নেতাকর্মীরা। বুধবার (১০ জুন) দুপুরে সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামে এ কর্মসূচি আয়োজন করা হয়।
এদিকে, এ ঘটনার জেরে মঙ্গলবার রাতে আড়পাড়া জামায়াত ইসলামীর কার্যালয় ও বুধবার দুপুরে রারুইপাড়া ইউনিয়ন কার্যালয় ভাঙচুর করেন বিএনপির নেতাকর্মীরা।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, কৃষক দল নেতা বাদল মোড়লের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে বিএনপির নেতাকর্মীরা আইন নিজের হাতে তুলে নেবে।
প্রসঙ্গত, মঙ্গলবার রাতে বাগেরহাট সদরের রারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়লকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার সঙ্গে থাকা একই ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মোড়ল (৪২) গুরুতর আহত হয়েছেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ অভিযান শুরু করেছে।










































