স্টাফ রিপোর্টার:
খুলনার পাইকগাছায় মব সৃষ্টি করে এক যুবককে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. নাজমুল হুদা (৩৭)কে গ্রেফতার করেছে র্যাব-৬। মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যেই বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-৬ সূত্র জানায়, মঙ্গলবার (৯ জুন) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা সদর থানাধীন খানজাহান আলী রোডের গ্লাসগো মোড় এলাকায় এস. এন্ড এ মোটরসের শোরুমে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাইকগাছা থানার হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর পলাতক আসামি মো. নাজমুল হুদাকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, গত ৭ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের চাঁদখালী গরুর হাট এলাকায় মাদক কেনাবেচা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে নাজমুল হুদাসহ অন্যান্য আসামিরা হাসান ওরফে কিং (৩৫) নামে এক যুবকের ওপর দেশীয় অস্ত্র, লাঠি, শাবল ও লোহার রড দিয়ে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে।
পরে স্থানীয়রা আহত অবস্থায় হাসানকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা আব্দুল মালেক সরদার বাদী হয়ে পাইকগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাইকগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি মামলার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।











































