বিনোদন ডেস্ক।।
চলচ্চিত্রের পর্দায় নতুন ছবি ‘তছনছ’ নিয়ে আলোচনায় থাকলেও বাস্তব জীবনে বড় ধাক্কার মুখে পড়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। রাজধানীর মিরপুরের পূর্ব মণিপুরে তার বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে নগদ অর্থ, মূল্যবান ঘড়ি এবং তার বাবার স্মৃতিবিজড়িত বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ৮৫ লাখ টাকারও বেশি বলে জানা গেছে।
এ ঘটনায় গত ২৭ মে রাজধানীর কাফরুল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ববির খালাতো ভাই আবদুল কাদের ভূঁইয়া। অভিযোগের পর তদন্তে নেমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফারুক নামের এক ব্যক্তিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (৪ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্টে পুরো বিষয়টি প্রকাশ্যে আনেন ববি। তার ভাষ্যমতে, চোরকে সাধারণ চোর ভাবার কোনো সুযোগ নেই। এরা সংঘবদ্ধ, পরিকল্পিত এবং পেশাদার অপরাধী। মানুষের ঘাম ঝরানো কষ্টার্জিত সম্পদ মুহূর্তের মধ্যে লুট করে নিয়ে যায়, আর রেখে যায় অসহায়ত্ব, নিরাপত্তাহীনতা ও অসীম কষ্ট।
ক্ষোভ আর কষ্ট প্রকাশ করে অভিনেত্রী জানিয়েছেন, চুরি হওয়া এসব স্বর্ণালংকারের বড় অংশই ছিল তার প্রয়াত বাবার স্মৃতি। যার সাথে জড়িয়ে আছে পরিবারের অসংখ্য আবেগ আর ভালোবাসা। নায়িকা স্পষ্ট জানান, জীবনে অর্থের চেয়ে স্মৃতির মূল্য অনেক বেশি। বাবার দেওয়া সেই স্মৃতিগুলো হারানোর কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়।
এ প্রসঙ্গে ফেসবুকে ববি লিখেছেন, ‘ঈদের আনন্দ আমার জীবনে গভীর কষ্ট হয়ে এসেছে। ঈদের মাত্র দুই দিন আগে আমার বাসার জানালার গ্রিল কেটে দুর্বৃত্তরা প্রবেশ করে। আমার বাবার ভালোবাসার স্মৃতি হিসেবে দেওয়া প্রায় ৩৫–৪০ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকা এবং বেশ কয়েকটি মূল্যবান ঘড়ি চুরি হয়ে যায়। শুধু সম্পদ নয়, এর সঙ্গে জড়িয়ে ছিল অসংখ্য স্মৃতি, আবেগ এবং পরিবারের ভালোবাসা। জীবনে অর্থের চেয়ে স্মৃতির মূল্য অনেক বেশি। বাবার দেওয়া সেই স্মৃতিগুলো হারানোর কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়।’
ফেসবুকে ববি লেখেন, ‘অভিযুক্ত ব্যক্তি আসামী ফারুক ও তার স্ত্রী গ্রেপ্তার হয়েছে এবং এখন পর্যন্ত ৪ ভরি স্বর্ণ উদ্ধার হয়েছে। আমি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞ। তবে এখনও আমার অধিকাংশ সম্পদ উদ্ধার হয়নি। আমি সকলের কাছে দোয়া চাই, যেন বাকি স্বর্ণালঙ্কার ও অন্যান্য জিনিস দ্রুত উদ্ধার হয় এবং যারা এই অন্যায় করেছে তারা যথাযথ শাস্তির মুখোমুখি হয়।’









































