ঢাকা অফিস।।
বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে সরকারের প্রণোদনা, হুন্ডির বিরুদ্ধে নজরদারি বৃদ্ধি এবং প্রবাসীদের ব্যাংকিং চ্যানেল ব্যবহারে উৎসাহিত করার কারণে সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। গত মাসে দেশে ৩৪২ কোটি ৫০ লাখ ডলার (৩.৪৩ বিলিয়ন ডলার) রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৫.৩৪ শতাংশ বেশি। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ডলারের সরবরাহ এবং সামষ্টিক অর্থনীতিতে স্বস্তি ফিরতে সহায়তা করছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২৪ থেকে ৩১ মে পর্যন্ত মাত্র আট দিনে দেশে ৪৪ কোটি ৮৯ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। এর ফলে পুরো মে মাসে মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার।
এর আগে ২০২৫ সালের মে মাসে দেশে এসেছিল ২৯৬ কোটি ৯৪ লাখ ৬০ হাজার ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে মে মাসের রেমিট্যান্স বেড়েছে প্রায় ৪৫ কোটি ৫৬ লাখ ডলার বা ১৫.৩৪ শতাংশ।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) রেমিট্যান্স প্রবাহে আরও শক্তিশালী প্রবৃদ্ধি দেখা গেছে। এ সময়ে দেশে এসেছে ৩ হাজার ২৭৫ কোটি ৬৭ লাখ ৮০ হাজার ডলার। গত অর্থবছরের একই সময়ে এ অঙ্ক ছিল ২ হাজার ৭৫০ কোটি ৬৮ লাখ ৬০ হাজার ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে প্রায় ৫২৫ কোটি ডলার।











































