Home Lead নেত্রকোনায় বাসচাপায় একই পরিবারের তিন জনসহ নিহত ৪

নেত্রকোনায় বাসচাপায় একই পরিবারের তিন জনসহ নিহত ৪

0

খুলনাঞ্চল রিপোর্ট।।


নেত্রকোনায় যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় মোট নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।

রবিবার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের চল্লিশা বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমলি কেশবপুর গ্রামের বাসিন্দা নুরজাহান (৫০), তার দুই মেয়ে স্মৃতি আক্তার (১৮) ও ইতি (১৫) এবং অটোরিকশাচালক রেহান মিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নুরজাহান পরিবারের সদস্যদের নিয়ে অটোরিকশাযোগে বাবার বাড়ি চল্লিশায় যাচ্ছিলেন। পথে ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী একটি লোকাল বাস চল্লিশা বাইপাস মোড়ে অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই নুরজাহান ও তার মেয়ে স্মৃতি আক্তারের মৃত্যু হয়।

গুরুতর আহতদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক অপর মেয়ে ইতিকে মৃত ঘোষণা করেন। পরে নিহত দুই মেয়ের বাবা আহত আইনুল হক ও অটোরিকশাচালক রেহান মিয়াসহ কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে রেহান মিয়ার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয়রা নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্বজল কান্তি সরকার এবং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার। এ সময় তারা চল্লিশা বাইপাস মোড়ে গোলচত্বর নির্মাণ এবং দ্রুত স্পিড ব্রেকার স্থাপনের আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ তুলে নেন।

এদিকে, ঈদের দিন রাতে জেলার কলমাকান্দা উপজেলার গজারকান্দি এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে।