অনলাইন ডেস্ক।।
হতাশার এক মৌসুম শেষ হতেই কোচ আর্নে স্লটকে বরখাস্ত করেছে লিভারপুল। মৌসুম শেষে পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে।
ফলে দুই মৌসুম মিলিয়ে লিভারপুলের হয়ে ১১৩ ম্যাচে ৬৬ জয়, ১৯ ড্র, ২৮ হারে থেমে গেল স্লটের লিভারপুল অধ্যায়। প্রথম মৌসুমে দলটিকে প্রিমিয়ার লিগ শিরোপা এনে দেওয়া এই ডাচ কোচের দ্বিতীয় মৌসুম ছিল একেবারেই বিপরীত।
এবারের মৌসুমে প্রিমিয়ার লিগের টেবিলে চারে থেকে শেষ করেছে লিভারপুল। ৩৮ ম্যাচে ১৭ জয়, ৯ ড্র ও ১২ হারে মাত্র ৬০ পয়েন্ট পাওয়া শিরোপা প্রত্যাশীদের জন্য ছিল হতাশাজনক। গত মৌসুমে যে দলটি লিগ চ্যাম্পিয়ন হয়েছিল, এ মৌসুমে তারা শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে পিছিয়ে পড়ে ১৪ পয়েন্ট।
এছাড়া দলটি অন্যান্য টুর্নামেন্টগুলোতে খুব একটা ভালো করতে পারেনি।
মাঠের ফলাফলের পাশাপাশি ড্রেসিংরুমের পরিস্থিতিও খুব একটা সুখকর ছিল না। দলটির প্রধান তারকা মোহাম্মদ সালাহ সোশ্যাল মিডিয়ায় ক্লাবের মানের অবনতি নিয়ে সরাসরি মন্তব্য করেন এবং একাধিক সিনিয়র খেলোয়াড় সেই পোস্টে সাড়া দেন।
এছাড়া মৌসুম শেষে নতুন করে দল পুনর্গঠনের চাপও রয়েছে। সালাহ, ইব্রাহিমা কোনাতে ও অ্যান্ডি রবার্টসন তিনজনই ক্লাব ছাড়ছেন।
উল্লেখ্য ২০১৯-২০ মৌসুমে দীর্ঘ ৩০ বছর পর প্রিমিয়ার লীগ জেতানো কোচ ক্লপ চলে যাওয়ার পর ২০২৪ সালে ফেইনুর্দ থেকে এসে অলরেডদের দায়িত্ব নিয়েছিলেন স্লট।











































