স্টাফ রিপোর্টার।।
খুলনা বিভাগীয় কমিশনারের আয়োজনে “নতুন কুড়ি স্পোর্টস ২০২৬” উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে সঞ্চালক নির্বাচন নিয়ে ব্যাপক সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানের সঞ্চালনায় মহানগর বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রভাষক ইফ্ফাত সানিয়া ন্যান্সির উপস্থিতি ঘিরে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে।

স্থানীয় রাজনৈতিক মহলের একটি অংশ দাবি করছে, বিগত সরকারের সময়ে সুবিধাভোগী হিসেবে পরিচিত ন্যান্সিকে এমন একটি গুরুত্বপূর্ণ সরকারি অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব দেওয়া কতটা যৌক্তিক—তা নিয়ে সংশ্লিষ্ট মহলকে খতিয়ে দেখা উচিত। বিশেষ করে একটি নিরপেক্ষ সরকারি আয়োজনে রাজনৈতিক পরিচয়ধারী ব্যক্তির অংশগ্রহণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

অন্যদিকে, ইফ্ফাত সানিয়া ন্যান্সি তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, তিনি বিভাগীয় কমিশনার কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেছেন। পোস্টে তিনি অতিথিদের পরিচয় ও উপস্থিত ব্যক্তিদের উল্লেখ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

তবে তার এই পোস্ট ও অনুষ্ঠান সঞ্চালনার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ার পরই শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে সক্রিয় থাকা একটি অংশ এ ঘটনাকে ভালোভাবে নেয়নি বলে জানা গেছে। তাদের মতে, সরকারি আয়োজনে সঞ্চালকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে নিরপেক্ষ ও সর্বজনগ্রাহ্য ব্যক্তিদের থাকা উচিত ছিল।

এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিষয়টি নিয়ে অভ্যন্তরীণভাবে পর্যালোচনা করা হচ্ছে এবং কোনো ধরনের প্রক্রিয়াগত ত্রুটি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হতে পারে।











































