স্পোর্টস ডেস্ক।।
বাবার সাইকেল মেরামতের দোকানে টুংটাং শব্দের মধ্যে বড় হওয়া ছেলেটির পায়ে এখন নতুন স্বপ্ন দেখছে বরিশালের ফুটবলপ্রেমীরা। অভাবের সংসার, নেই কোনো নামী একাডেমি কিংবা পেশাদার কোচের অধীনে অনুশীলনের সুযোগ।
তবু অদম্য ইচ্ছা আর সহজাত প্রতিভা দিয়ে চলমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ মাতিয়ে চলেছেন উজিরপুরের নবম শ্রেণির ছাত্র দেব মন্ডল। সরকারি উজিরপুর বারো বাইকা মডেল ইনস্টিটিউশনের এই শিক্ষার্থীর ফুটবল প্রতিভা এখন স্থানীয় ক্রীড়াঙ্গনের আলোচনার বিষয়।
প্রতিভা অন্বেষণ এই কর্মসূচিতে উজিরপুর উপজেলার হয়ে মাঠ কাঁপিয়ে শুরুতেই নজর কাড়েন দেব। উপজেলা পর্যায়ে দুর্দান্ত খেলে ২ গোল করার পাশাপাশি সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে জায়গা করে নেন বরিশাল জেলা কিশোর দলে। জেলা দলে সুযোগ পেয়েই নিজের জাত চেনাতে ভুল করেননি এই তরুণ স্ট্রাইকার। বরিশাল আঞ্চলিক পর্যায়ের উদ্বোধনী ম্যাচেই পিরোজপুর জেলা দলের রক্ষণভাগকে ভেঙে দেন তিনি।
তার হ্যাটট্রিকে ৩-১ গোলে পিরোজপুরকে হারিয়ে সেমিফাইনালের টিকিট কাটে বরিশাল জেলা কিশোর দল। দেবের সেই পারফরম্যান্সের রেশ কাটতে না কাটতেই প্রথম সেমিফাইনালে পটুয়াখালী জেলা দলের মুখোমুখি হয় বরিশাল। সেখানেও দলের ৩-১ গোলের জয়ে চোখধাঁধানো একটি গোল করেন দেব। তার পারফরম্যান্সে ফাইনালে ওঠার গৌরব অর্জন করে বরিশাল।
মিন্টু চন্দ্র মন্ডল ও জোছনা চন্দ্র মন্ডলের সন্তান দেবের উঠে আসার গল্পটা মোটেও সহজ ছিল না। কোনো প্রাতিষ্ঠানিক বা একাডেমিক কোচিং ছাড়াই উজিরপুরের চেনা মাঠগুলোতে অনুশীলন করেই আজ এই পর্যায়ে এসেছেন তিনি। দেশের ফুটবলে তার অনুপ্রেরণা জাতীয় দলের ফরোয়ার্ড মো. রাকিব হোসেন। আর বিশ্ব ফুটবলে লিওনেল মেসির পায়ের জাদুতেই মুগ্ধ এই কিশোর।
বিস্ময়কর এই প্রতিভার স্বপ্ন আকাশছোঁয়া। শান্ত স্বভাবের দেব মাঠে নামলে তার লক্ষ্য থাকে একটাই..একদিন লাল-সবুজের জার্সি গায়ে দেশের প্রতিনিধিত্ব করা।
নতুন কুঁড়ি স্পোর্টসের এই মঞ্চ দেব মন্ডলের মতো প্রতিভাকে সঠিক দিকনির্দেশনা দিতে পারলে অদূর ভবিষ্যতে বাংলাদেশ ফুটবল একজন সম্ভাবনাময় স্ট্রাইকার পেতে পারে। আপাতত সবার চোখ টুর্নামেন্টের ফাইনালের দিকে, যেখানে বরিশালের এই বিস্ময় বালকের পা থেকে আরও একটি দারুণ ম্যাচের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।











































