ক্রীড়া প্রতিবেদক
যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, আমরা ১৫ নভেম্বর থেকে শুরু করতে চাই টি-টোয়েন্টি লিগ। তবে এখনকার খবর-১৫ তো নয়ই, ১৬-১৭ নভেম্বরও শুরুর সম্ভাবনা নেই। অন্তত এক সপ্তাহ পিছিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগ।
হাওয়া থেকে পাওয়া খবর নয়। বিসিবি সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন গতকাল মঙ্গলবার বিকেলে এমন ইঙ্গিতই দিয়েছেন। নিজামউদ্দীন চৌধুরী জানিয়েছেন, বিসিবি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের স্পন্সর চেয়ে যে বিজ্ঞাপন দিয়েছে, তাতে আশানুরূপ সাড়া মিলেছে। খুব শীঘ্রই টিম স্পন্সর চূড়ান্ত হয়ে যাবে। তবে তিনি এও জানিয়ে দিয়েছেন যে, ২০ নভেম্বরের আগে ঐ আসর শুরুর সম্ভাবনা খুব কম। এ সম্পর্কে বিসিবি প্রধান নির্বাহীর বক্তব্য হলো, ‘আপনারা জানেন যে আমরা ইতোমধ্যে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ লিগের স্পন্সর চেয়ে বিজ্ঞাপন দিয়েছি এবং আমরা আশাবাদী যে শীঘ্রই বিষয়টাকে আমরা কোজ করে ফেলতে পারব। আশানুরূপ সাড়াই পেয়েছি। তবে আমরা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। শিগগিরই হয়তো আমরা চূড়ান্ত করে ফেলব।’
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ লিগ পেছানো নিয়ে বিসিবি সিইওর ব্যাখ্যা, ‘পেছানো ঠিক না। প্ল্যান করা আছে যে, নভেম্বরের ২০ তারিখের দিকে আসর শুরুর। এর মধ্যেই আমরা শুরু করব। ২০, ২১, ২২ এর মধ্যে কোনো একটা সময় হয়তো শুরু হবে।’ এটুকু বলে নিজামউদ্দীন চৌধুরী সুজন যোগ করেন, ‘আমরা প্ল্যান করেই এগোচ্ছি। এমনি এমনি শুরুর সূচি পেছানো হচ্ছে না। এর মধ্যে মাঠ ও অন্যান্য কিছু ব্যাপার আছে। সবকিছু বিবেচনায় এনেই আমরা এগোচ্ছি।’
সুপার ওভারে পাকিস্তানকে হারাল জিম্বাবুয়ে
ক্রীড়া প্রতিবেদক
ব্যাটে-বলে সমানে সমান লড়াই হলো পাকিস্তান ও জিম্বাবুয়ের শেষ ওয়ানডে ম্যাচে। নির্ধারিত ওভার শেষে স্কোরও হলো সমানে সমান। তাতে ম্যাচ গড়ালো সুপার ওভারে, যেখানে অসহায় আত্মসমর্পণ করেছে পাকিস্তান। রোমাঞ্চ ছড়িয়ে দারুণ জয়ে হোয়াইটওয়াশ এড়ালো জিম্বাবুয়ে। পাকিস্তান ২-১ এ এগিয়ে থেকে শেষ করলো ওয়ানডে সিরিজ।
আগে ব্যাট করা জিম্বাবুয়েকে নাকানিচুবানি খাওয়ান এক বছর ৭ মাস পর ওয়ানডেতে ফেরা পেসার মোহাম্মদ হাসনাইন। কিন্তু হাল ধরেন শন উইলিয়ামস। ১১৮ রানে অপরাজিত ছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ৬ উইকেটে জিম্বাবুয়েকে ২৭৮ রানে থামাতে প্রথম পাঁচ ব্যাটসম্যানকে মাঠছাড়া করেন হাসনাইন। ডানহাতি পেসার ক্যারিয়ারের ষষ্ঠ ম্যাচে পেয়ে যান প্রথম ফাইফার, ১০ ওভারে ৩ মেডেনসহ ২৬ রান দেন তিনি। হাসনাইনকে দাঁতভাঙা জবাব দেন ব্লেসিং মুজারাবানি। ইনিংসের তৃতীয় বলে ওপেনার ইমাম উল হককে ফেরান তিনি। খুশদিল শাহ ও ওয়াহাব রিয়াজের সঙ্গে অধিনায়ক বাবর আজম প্রতিরোধ গড়লে তাও ভেঙে দেন ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার। ১২৫ রানের সেরা ইনিংস খেলেছিলেন বাবর। ৪৯তম ওভারের শেষ দুই বলে শাহীন শাহ আফ্রিদি ও বাবরকে ফিরিয়ে ম্যাচে উত্তেজনা ছড়ান মুজারাবানি। ৯ উইকেটে ২৭৮ রানে পাকিস্তানকে থামাতে পাঁচ উইকেট নেন তিনি।
লক্ষ্যে নেমে মাত্র ৮৮ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল পাকিস্তান। খুশদিলের সঙ্গে ৬৩ ও ওয়াহাবের সঙ্গে ১০০ রানের জুটিতে দলকে পথে ফেরান বাবর। কিন্তু এক ওভার হাতে রেখে লক্ষ্য থেকে ১৩ রান দূরে থাকতে আউট হন তিনি। রিচার্ড এনগারাভার ওভারে শেষ বলে ৫ রান প্রয়োজন ছিল, মোহাম্মদ মূসা চার মেরে ম্যাচ টাই করেন। ম্যাচ সুপার ওভারে গড়ালে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। প্রথম বলেই ইফতিখার আহমেদকে মাঠ ছাড়া করেন মুজারাবানি। ফখর জামানের সঙ্গে জুটি গড়তে নামেন খুশদিল। দ্বিতীয় ও তৃতীয় বলে দুজনই একটি করে রান নেন। চতুর্থ বলে বোল্ড হন খুশদিল। মাত্র ৩ রানের লক্ষ্যে নেমে শাহীনের ওভারে প্রথম তিন বলেই ম্যাচ জিতে নেয় ব্রেন্ডন টেলর ও সিকান্দার রাজার জুটি। দ্বিতীয় ম্যাচের মতো শেষটিতেও জিম্বাবুয়ান টপ অর্ডারদের ব্যর্থতা ছিল। এবারও হাল ধরেন উইলিয়ামস ও টেলর। ২২ রানে ৩ উইকেট হারানোর পর তাদের ৮৪ রানের জুটি প্রতিরোধ গড়েছিল। টেলর ৫৬ রানে আউট হন। পরে উইলিয়ামসের সঙ্গে ওয়েসলে মাধেভেরে ও সিকান্দারের অর্ধশতাধিক রানের জুটিতে চ্যালেঞ্জিং স্কোর গড়ে জিম্বাবুয়ে। ৭৫ রানের জুটি গড়ে ফিরে যান মাধেভেরে (৩৩)। সিকান্দার ইনিংস শেষ করে যেতে পারেননি। এক বল বাকি থাকতে তাকে ৪৫ রানে বোল্ড করেন ওয়াহাব। ভাঙে ৯৬ রানের অসাধারণ জুটি। তবে উইলিয়ামসের শতক ছাড়ানো ইনিংসে লড়াই করার মতো পুঁজি স্কোরবোর্ডে তোলে জিম্বাবুয়ে। যা শেষ পর্যন্ত ছুঁতে পারলেও সুপার ওভারে হার মানতে হয় পাকিস্তানকে।
১০ ওভারে ১ মেডেনসহ ৪৯ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন মুজারাবানি। এই জয়ে বিশ্বকাপ সুপার লিগে ১০ পয়েন্ট পেলো জিম্বাবুয়ে। আর ২০ পয়েন্ট পাকিস্তানের। শীর্ষে থাকা ইংল্যান্ডের (৩০) চেয়ে ১০ পয়েন্ট পেছনে তারা। আগামী ৭ নভেম্বর শুরু হবে পাকিস্তান ও জিম্বাবুয়ের টি-টোয়েন্টি সিরিজ। রাওয়ালপিন্ডিতে ৮ ও ১০ নভেম্বর হবে বাকি দুটি ম্যাচ।
মিরপুরে এইচপি’র ম্যাচ ড্র
ক্রীড়া প্রতিবেদক
দিনশেষে একটা হিসেব মেলাচ্ছিলেন এইচ পি’র ‘বি’ দলের অধিনায়ক নাঈম শেখ- ওপেনিং জুটিতে ৭৭ রান তোলা দল কেন ২৬৬ রানে গুটিয়ে যাবে? স্কোরকার্ডের দিকে তাকিয়ে সেই হিসেবটা মিলিয়ে ফেললেন তিনি- ব্যাটিং ব্যর্থতা! ‘এ’ দলের ৪০৬ রানের জবাবে ‘বি’ দলের ইনিংস শেষ ২৬৬ রানে। বড় ব্যবধানের রানে পিছিয়ে থেকে দুদিনের ম্যাচটা ড্র করল ‘বি’ দল।
’বি’ দলের ব্যাটিং ব্যর্থতার ভিড়ে ব্যতিক্রম ছিলেন অধিনায়ক নাঈম শেখ, মৃত্যুঞ্জয় রায় এবং তৌহিদ হৃদয়। ওপেনার নাঈম দলের হয়ে সর্বোচ্চ ৮৩ রান করেন। ১২৯ বলে ২ ছক্কা ও ১১ বাউন্ডারিতে নাঈম শেখ এই রান করেন। নাঈম এবং পারভেজ হাসান ইমনের ওপেনিং জুটিতে ‘বি’ দল ২৬ ওভারে ৭৭ রান যোগ করেন। ইমনের ব্যাট থেকে আসে ৩৫ রান। মিডলঅর্ডারে তৌহিদ হৃদয় ও মৃত্যুঞ্জয় ব্যাটিংয়ের হাল ধরেন। তৌহিদ ৭৯ বলে ৪২ রান করেন। মৃত্যুঞ্জয় ৮৪ বলে ৫৮ রানের ইনিংস খেলেন। এই দুজন আউট হতেই যেন হুড়মুড়িয়ে গড়িয়ে পড়ে ‘বি’ দলের ইনিংস। ৫ উইকেটে ২৪৩ রান থেকে হঠাৎ ২৬৬ রানে অলআউট!
‘এ’ দলের বোলিংয়ে এই ম্যাচের সেরা পারফর্মার সুমন খান ও হাসান মুরাদ। তরুণ পেসার সুমন খান বিসিবি প্রেসিডেন্টস কাপের দারুণ ফর্ম দেখান এইচপির ম্যাচেও। সুমন ১৬ ওভারে ৩ মেডেনসহ ৫৪ রানে শিকার করেন ৪ উইকেট। হাসান মুরাদ ৩৫ রানে তুলে নেন ৪ উইকেট।
বঙ্গবন্ধু ফেডারেশন কাপে জয় পেল বান্দরবান ও আনসার
ক্রীড়া প্রতিবেদক
বঙ্গবন্ধু ফেডারেশন কাপ হ্যান্ডবল প্রতিযোগিতায় জয়লাভ করেছে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
সোমবার শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা ৩৬-২৬ গোলে টিম হ্যান্ডবল ঢাকাকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১১-১২ গোলে পিছিয়ে ছিল। দিনের অপর ম্যাচে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ৩৪-২৯ গোলে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল কাবকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৮-১২ গোলে এগিয়ে ছিল। আজ বুধবার সকাল সাড়ে ১১ টায় একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে পুরস্কার প্রদান অনুষ্ঠান।
নগরীতে মুজিববর্ষ নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ক্রীড়া প্রতিবেদক
মুজিববর্ষ উপলক্ষে নগরীর ৩১নং ওয়ার্ড টুটপাড়া মোজাহিদপাড়া বালুর মাঠে নাইট ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ২৪ দলীয় এ খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৩১নং ওয়ার্ড কাউন্সিলর মো. আরিফ হোসেন মিঠু।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন লবনচরা থানার সাব-ইন্সপেক্টর মো. আব্দুল হান্নান মোল্লা, সাংবাদিক আসাফুর রহমান কাজল, বিশিষ্ট ব্যবসায়ী মো. বদরুল আলম বাবুল, মো. মিজানুর রহমান, মো. সোহরাব হোসেন, মো. মুন্না, মো. হাবিবুর রহমান, মো. শাহা জামাল, রিপন বিশ^াস।
উদ্বোধনীয় খেলায় অংশ নেয় ব্রাদার্স ইউনিয়ন এবং আরিফ-শান্ত দল। খেলা পরিচালনা করেন মো. ইসমাইল হোসেন। আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিল মো. রায়হান তালুকদার, অভিষেক মন্ডল, মো. রাজন ঢালী, মো. মারুফ শেখ, সাব্বির হোসেন জিতু, মো. মারুফ হোসেন প্রমুখ।
বাংলাদেশ-নেপাল ম্যাচ সম্প্রচারে ব্যবহার করা যাবে ড্রোন
ক্রীড়া প্রতিবেদক
আগামী ১৩ ও ১৭ নভেম্বর বাংলাদেশ ও নেপালের মধ্যকার ফিফা ফ্রেন্ডলি ম্যাচ দুটি সম্প্রচারে ড্রোন ব্যবহার করা যাবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেছেন, ‘আমরা সরকারের কাছ থেকে সম্প্রচারের জন্য ড্রোন ব্যবহারের অনুমতি নিয়েছি। এখন যে টেলিভিশন খেলা দেখাবে তারা ড্রোন ব্যবহার করবে কিনা সেটা তাদের বিষয়।’
ম্যাচ দুটি নিয়ে গত ২৫ অক্টোবর আন্তঃমন্ত্রণালয়ের যে সভা হয়েছিল সে সভাতে খেলা সম্প্রচারে ড্রোন ব্যবহারের বিষয়টি আলোচনা হয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সবুজ সংকেত দিয়েছেন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ম্যাচ দুটি সম্প্রচার করবে। বাংলাদেশ বেতারও খেলার ধারাবিরণী দেবে। বিটিভির পাশপাশি ম্যাচ সম্প্রচারের জন্য চারটি বেসরকারী টেলিভিশনও আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে একটি টেলিভিশন বেসকারী টিভি চ্যানেলকে সম্প্রচারের সুযোগ দেয়া হবে বলে জানা গেছে।
কিশোরী ফুটবলে নীলফামারীর বড় জয়
ক্রীড়া প্রতিবেদক
দুটি ভেন্যুতে খেলা শুরুর মধ্যে দিয়ে গতকাল মঙ্গলবার মাঠে গড়িয়েছে জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষকতায় ২০১৫ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে মেয়েদের এই ফুটবল টুর্নামেন্ট।
দিনাজপুর জেলা স্টেডিয়ামে রংপুর ৩-১ গোলে হারিয়েছে ঠাকুরগাঁওকে। দিনাজপুরের শারমিন দুটি, খাদিজা একটি এবং ঠাকুরগাঁওয়ের বেলি গোল করেছেন। অন্য ম্যাচে নীলফামারী ৫-০ গোলে হারিয়েছে কুড়িগ্রামকে। হ্যাটট্রিক করেছেন নীলফামারীর স্বরশতী। অন্য দুটি গোল সোমা খাতুন ও রুপা রানীর।
লক্ষ্মীপুর স্টেডিয়ামে ব্রাহ্মণবাড়িয়া ৪-০ গোলে হারিয়েছে ফেনীকে। ব্রাহ্মণবাড়িয়ার আরিফা, সাদিয়া, জেসমিন ও রিয়া গোল করেছেন। অন্য ম্যাচে চাঁদপুর তাহমিনা খাতুনের গোলে হারিয়েছে রাঙ্গামাটিকে। ৪৯টি জেলা সাতটি জোনে ভাগ হয়ে খেলবে। ৯ দিন চলবে গ্রুপপর্বের খেলা। ৭ জোনাল চ্যাম্পিয়ন ও সেরা রানার্সআপ আট দল নিয়ে ঢাকায় হবে চূড়ান্ত পর্ব।
গোলরক্ষকদের আত্মবিশ্বাস বাড়াচ্ছেন নতুন কোচ কিভলি
ক্রীড়া প্রতিবেদক
নেপালের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। এ দলটির বিপক্ষে অতীতের ভুলটি মনে আছে নিশ্চয়ই গোলরক্ষক শহিদুল আলম সোহেলের। দুই বছর আগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপে টিকে থাকার ম্যাচে ২-০ ব্যবধানে হারের প্রথম গোলটি বাংলাদেশ খেয়েছিল সোহেলের হাস্যকর ভুলে। যে ম্যাচ হেরে গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ।
তবে দুই ম্যাচের মধ্যে কোনো মিল দেখছেন না সোহেল। সেটি ছিল টুর্নামেন্টের ম্যাচ, এ ম্যাচটি ফিফা ফ্রেন্ডলি। মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শেষে গণমাধ্যমের সামনে এসে অতীত ভুল নিয়ে প্রশ্ন করলে তা থেকে শিক্ষা নেয়ার কথাই জানালেন আবাহনীর গোলরক্ষক। প্রাথমিক ক্যাম্পে আছেন চার গোলরক্ষক। একাদশে জায়গা পাওয়ার লড়াইটা সোহেলকে করতে হবে তার সিনিয়র শেখ রাসেলের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানার সঙ্গে। ক্যাম্পের অন্য দুই গোলরক্ষক-আনিসুর রহমান জিকু ও তরুণ পাপ্পু হোসেন।
ভারত যাচ্ছেন সিদ্দিকুর
ক্রীড়া প্রতিবেদক
পেশাদার গলফে খেলার জন্য অনেকদিন ধরেই অপেক্ষায় দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। যেতে চেয়েছিলেন যুক্তরাষ্ট্রে, সেখানে অনুশীলনেরর পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ছিল তার।
কিন্তু এখন যুক্তরাষ্ট্র নয়, সিদ্দিকুর যাবেন ভারতে। সেখানে পেশাদার গলফের (পিজিটিআই) তিনটি প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা তার। তিনটি প্রতিযোগিতার প্রথমটি জিভ মিলকা সিংয়ের নামে, হবে চ-ীগড়ে ৩ থেকে ৬ ডিসেম্বর। দেড় কোটি টাকার প্রাইজমানির প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য এ মাসের শেষ সপ্তাহে ঢাকা ছাড়বেন সিদ্দিকুর। এরপর আসাম ও কলকাতায় হবে বাকি দুটি প্রতিযোগিতা। সিদ্দিকুরের সঙ্গে যাবেন আরেক গলফার জামাল হোসেন। বাংলাদেশের আরেক গলফার মোহাম্মদ সাইমুমেরও সবার আগে ভারতে অন্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা রয়েছে।
হাসপাতালে ম্যারাডোনা
ক্রীড়া প্রতিবেদক
গত শুক্রবার ৬০তম জন্মদিন পালন করেছেন। তবে শরীরটা কদিন ধরেই ভালো যাচ্ছিল না ডিয়েগো ম্যারাডোনার। আর্জেন্টিনা ফুটবলের এই কিংবদন্তিকে সোমবার ভর্তি করা হয়েছে হাসপাতালে।
মেক্সিকো বিশ্বকাপের মহানায়ককে তার জন্মদিনেই শেষবার জনসম্মুখে দেখা গেছে। সেদিন জিমনাসিয়া কাবে এসেছিলেন ম্যারাডোনা। কেকও কাটেন। কিন্তু শারীরিক অবস্থা ভালো না হওয়ায় অনুষ্ঠানে বেশিক্ষণ থাকতে পারেননি। লা প্লাতার ইপেন্সা কিনিকে ভর্তি করা হয়েছে ম্যারাডোনাকে। চিকিৎসকরা জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরে মানসিকভাবেও ভালো নেই আর্জেন্টিনা ফুটবলের রাজপুত্র, যার প্রভাব পড়েছে তার শরীরে।
নিউজিল্যান্ডে সুখবরই দিলো ওয়েস্ট ইন্ডিজ
ক্রীড়া প্রতিবেদক
করোনাকালে ক্রিকেট সফর মানেই করোনাবিধির বাধ্যবাধকতা। আর এই নিয়মে সবচেয়ে বেশি অভ্যস্ত হয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। করোনাকালে প্রথম আন্তর্জাতিক দল হিসেবে দুটি সফরে অংশ নিয়েছে তারা। ইংল্যান্ড সফরের পর এখন তারা নিউজিল্যান্ড সফরে।
নিউজিল্যান্ড সফরে পৌঁছে অবশ্য কোনও ধরনের ঝামেলার মুখোমুখি হতে হয়নি। প্রথম করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন সফররত দলের সবাই। ৩০ অক্টোবর নিউজিল্যান্ডে পা দেওয়ার তিন দিন বাদেই এই পরীক্ষার মুখোমুখি হন তারা। সফরে আরও দুবার করোনা পরীক্ষা হবে ক্যারিবীয় ক্রিকেটারদের। ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকা অবস্থাতে ৬ দিনের মাথায় দ্বিতীয় ও ১২ দিনের মাথায় হবে আরেকটি পরীক্ষা। এই মুহূর্তে ক্রাইস্টচার্চে এইচপি সেন্টারে কোয়ারেন্টিন থাকবে ওয়েস্ট ইন্ডিজ।
একসঙ্গে প্লে-অফে দিল্লি-ব্যাঙ্গালুরু
ক্রীড়া প্রতিবেদক
১৩ ম্যাচ শেষে সমান ১৪ পয়েন্ট টেবিলের উপরের দিকে থেকেও প্লে-অফ নিশ্চিত ছিলো না দিল্লি ক্যাপিটালস ও রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর। তবে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে প্লে-অফ নিশ্চিত করলো দু’দলই।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টুয়েন্টি ক্রিকেটের ত্রয়োদশ আসরে ব্যাঙ্গালুরুকে ৬ উইকেটে হারিয়েছে দিল্লি। ফলে ১৪ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে গেছে দিল্লি। এ ম্যাচ হারলেও, ১৪ খেলায় ১৪ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে প্লে-অফ নিশ্চিত করলো ব্যাঙ্গালুরুও।
আবু ধাবিতে এ ম্যাচ জিতলেই প্লে-অফ নিশ্চিত, এমন সমীকরনে খেলতে নেমেছিলো দিল্লি ও ব্যাঙ্গালুরু। টস জিতে প্রথমে বোলিং-এর সিদ্বান্ত নেয় দিল্লি। ওপেনার দেবদূত পাডিকালের হাফ-সেঞ্চুরি ও অধিনায়ক বিরাট কোহলি-দক্ষিণ, আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের ছোট ইনিংসে কল্যাণে ২০ ওভারে ৭ উইকেটে ১৫২ রানের লড়াই করার পুঁজি পায় ব্যাঙ্গালুরু। দিল্লি ১৫৩ রানের লক্ষ্য পাওয়ায়, রান রেটের হিসাবও চলে আসে সামনে। কারন প্লে-অফের দৌঁড়ে রান রেটের হিসেবে আছে কলকাতা নাইট রাইডার্সেরও। ১৯ বা তার বেশি রানের ব্যবধানে এ ম্যাচ ব্যাঙ্গালুরু জিতলে, দিল্লিকে টপকে প্লে-অফ নিশ্চিত করবে কলকাতা। আর ১৭ দশমিক ৩ ওভারের মধ্যে দিল্লি জিতলে, ব্যাঙ্গালুরুকে টপকে প্লে-অফ নিশ্চিত করতো কলকাতা। কিন্তু এর কোনটিই হয়নি। ১৯ ওভারে গিয়ে ম্যাচ জিতে দিল্লি। তাই কলকাতাকে অপেক্ষায় রেখে প্লে-অফ নিশ্চিত করে দিল্লি ও ব্যাঙ্গালুরু।
এমবাপেকেও হারাল পিএসজি
ক্রীড়া প্রতিবেদক
ইনজুরিতে এবার নেইমার ও মাউরো ইকার্র্দির কাতারে যোগ দিলেন কিলিয়ান এমবপ্পে। আরবি লাইপজিগের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে প্যারিস সেন্ট জার্মেই পাচ্ছে না এই বিশ্বকাপজয়ীকে।
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে কোচ টমাস টুখেল জানান, ২১ বছর বয়সী এমবাপ্পে মাংশপেশির চোটে ভুগছেন। লিগে নঁতের বিপক্ষে ম্যাচে ডানপায়ের চোটে পড়েন এমবাপ্পে। ফলে দলের সঙ্গে তার জার্মানিতে যাওয়া হচ্ছে না। তাকে অন্তত ৪৮ ঘণ্টা বিশ্রামে থাকতে হবে। এর আগে ইনজুরি কারণে পিএসজির সেরা তারকা নেইমারও মাঠের বাইরে চলে যান। এছাড়া ইকার্দির সার্ভিসও পাবে না লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। চ্যাম্পিয়নস লিগে আজ বুধবার বাংলাদেশ সময় রাত ২টায় লাইপজিগের মুখোমুখি হবে পিএসজি।










































