পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
অনিয়ম, দুর্নীতি, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে খুলনা জেলা পরিষদের মজুদ সহকারী (ভারপ্রাপ্ত) নুরজাহান কাকুলীর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রোববার (১০ মে) পাইকগাছা আইনজীবী সমিতির আইনজীবী, সাংবাদিক ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট এফ এম এ রাজ্জাক এ নোটিশ প্রদান করেন।
নোটিশ সূত্রে জানা গেছে, পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের ধামরাইল গ্রামের বাসিন্দা ও ধামরাইল গাজীপাড়া বাইতুন নূর জামে মসজিদের সভাপতি জাফর আলী গাজীর কাছ থেকে মসজিদের জন্য খুলনা জেলা পরিষদ হতে ১০ লাখ টাকা অনুদান পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে নুরজাহান কাকুলী নগদ ৩ লাখ টাকা গ্রহণ করেন।
পরবর্তীতে প্রতিশ্রুত অনুদান দিতে ব্যর্থ হলে পাওনা টাকা পরিশোধের জন্য তিনি তার নিজ নামে সোনালী ব্যাংক পিএলসি, সার ইকবাল রোড শাখা, খুলনার একটি চেক প্রদান করেন। তবে গত ৭ মে ২০২৬ তারিখে চেকটি ব্যাংকে জমা দিলে হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় ব্যাংক কর্তৃপক্ষ চেকটি ডিজঅনার করে ফেরত দেয়।
ভুক্তভোগী জাফর আলী গাজী বিষয়টি নুরজাহান কাকলীকে অবহিত করলেও তিনি এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেননি বলে অভিযোগ করা হয়েছে। পরে নিরুপায় হয়ে তিনি আইনজীবীর শরণাপন্ন হন।
আইনি নোটিশে নোটিশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে জাফর আলী গাজীর পাওনা ৩ লাখ টাকা পরিশোধ করে চেক ফেরত নেওয়ার জন্য নুরজাহান কাকুলীকে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।










































