স্পোর্টস ডেস্ক।।
অ্যাথলেটিক্সের ট্র্যাকে এক নতুন নক্ষত্রের আবির্ভাব ঘটলো। সিডনিতে ১৮ বছর বয়সী এক কিশোর এমন এক দৌড় দিলেন, যা কাঁপিয়ে দিলো খোদ উসাইন বোল্টের সিংহাসনকেও। অস্ট্রেলিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ২০০ মিটারে স্রেফ ১৯.৬৭ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন গাউট গাউট!
অবিশ্বাস্য শোনালেও সত্যি যে, ১৮ বছর বয়সে কিংবদন্তি বোল্টের সেরা টাইমিং ছিল ১৯.৯৩ সেকেন্ড। অর্থাৎ গতির বরপুত্রকে টপকে এখন ইতিহাসের দ্রুততম অনূর্ধ্ব-২০ অ্যাথলেট এই অস্ট্রেলিয়ান তরুণ। গাউটই প্রথম অস্ট্রেলিয়ান যিনি লিগ্যাল উইন্ডে ২০ সেকেন্ডের বাধা অতিক্রম করলেন। লড়াইটাও ছিল সেয়ানে সেয়ানে। এই রেসে দ্বিতীয় হওয়া এইডান মারফিও ১৯.৮৮ সেকেন্ডে ফিনিশ লাইন ছুঁয়ে তাক লাগিয়ে দেন বিশ্বকে।
রেস শেষ করে গাউট বলেন, ‘আমি এর জন্যই অপেক্ষা করছিলাম। আমরা একে অপরকে দারুণ টক্কর দিচ্ছি। দুজন অস্ট্রেলিয়ান ২০ সেকেন্ডের নিচে দৌড়াচ্ছে, এটা অভাবনীয়। আমার কাঁধ থেকে যেন বড় এক বোঝা নেমে গেল।’
২০০৭-এ কুইন্সল্যান্ডে জন্ম নেয়া কিশোর গাউটের রক্তেই মিশে আছে লড়াই। সুদান থেকে সংঘাতময় পথ পেরিয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান তার বাবা বোনা গাউট ও মা মনিকা গাউট। কেবল ১৬ বছর বয়সেই পিটার নরম্যানের ৫৬ বছরের পুরোনো জাতীয় রেকর্ড ভেঙে আলোচনায় আসেন তিনি। বেশ কিছুদিন ধরেই তাকে বোল্টের সঙ্গে তুলনা করা হচ্ছে। গাউটের লম্বা ধাপে পা ফেলা, সোজা হয়ে দৌড়ানো এবং শেষ দিকে বিধ্বংসী গতির কারণে তাকে ‘আগামী দিনের বোল্ট’ বলছেন অনেকেই। জ্যামাইকান মহাতারকার সঙ্গে তুলনা করলে গাউট উপভোগই করেন।
তবে আপাতত নিজের দিকেই মনোযোগ দিচ্ছেন তিনি, ‘দিন শেষে আমি তো আমিই। আমি আমার কাজ করছি। কোনো চাপ নেই। ট্র্যাকে নামামাত্র আমি ট্র্যাক, নিজেকে নিয়ে এবং স্পাইক নিয়ে ভাবি।’
এবার গাউটের নজর অনূর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে। তার লক্ষ্য স্পষ্ট— ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে স্বর্ণপদক। গতির মহামানব বোল্ট তো এ বয়সের পর ট্র্যাকে একপ্রকার একক আধিপত্য বিস্তার করেন, গড়েন নানা বিশ্বরেকর্ড। তার মতো কিছু করতে হলে এখনও অনেকটা পথ পাড়ি দিতে হবে গাউটকে।











































