স্পোর্টস ডেস্ক।।
সুর কিছুটা কি নরম হয়েছে কার্লো আনচেলেত্তির? তা না হলে ব্রাজিলের এই ইতালিয়ান কোচ এই সেদিনও ফ্রান্সের কাছে হারার পর নেইমারের কথা উঠতে উত্তর দিয়েছিলেন তাচ্ছিল্যের সুরে– ‘আমাদের উচিত তাদের নিয়ে কথা বলা, যারা মাঠে খেলেছে।’
সেই তিনিই এবার ফ্রান্সের দৈনিক লেকিপকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি তাকে পর্যবেক্ষণ করছি। পরবর্তী বিশ্বকাপে খেলার মতো শারীরিক ফিটনেস তার আছে কিনা, তা দেখানোর জন্য নেইমারের হাতে দুই মাস সময় আছে।’
আগামী ১৮ মে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করার কথা। এর আগে নেইমার তাঁর ক্লাব সান্তোসের হয়ে সব ম্যাচ খেলতে পারলেই বিশ্বকাপ স্কোয়াডে আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ব্রাজিলের কোচ। আনচেলেত্তির শর্ত একটাই শতভাগ ফিট হতে হবে নেইমারকে। ‘আমি এটি বারবার বলেছি এবং বিষয়টি খুব স্পষ্ট– আমি কেবল সেই খেলোয়াড়দেরই ডাকব, যারা শারীরিকভাবে প্রস্তুত। ডিসেম্বরে হাঁটুর চোটের পর নেইমার ভালোভাবে সেরে উঠেছে এবং গোল করছে। তাকে এই ধারা বজায় রাখতে হবে। সে শতভাগ ফিট হয়ে ব্রাজিল দলে ফিরতে সক্ষম। সে ফিটনেস নিয়ে সঠিক পথেই আছে।’
নেইমারের প্রতি কোচের এই আস্থা বাড়িয়ে দিয়েছে সম্প্রতি সান্তোসের হয়ে তাঁর মাঠের পারফরম্যান্স। শনিবার সান্তোসের হয়ে ব্রাজিলের ঘরোয়া লিগে পয়েন্ট তালিকায় এগিয়ে থাকা প্রতিপক্ষ অ্যাতলেটিকো মিনেইরোর বিপক্ষে খেলেছিলেন নেইমার। ম্যাচটি ১-০ গোলে জিতেছে তাঁর দল, যেখানে নেইমারের পারফরম্যান্স নজর কেড়েছিল অনেকের। ধারণা করা হচ্ছে বিশ্বকাপের দল ঘোষণার আগে সান্তোসের যে ১০টি ম্যাচ রয়েছে তাদের, সবগুলোতেই মাঠে নামবেন নেইমার। এবং সেখানে যদি নতুন করে কোনো ইনজুরিতে না পড়েন, তাহলে বিশ্বকাপ বহরে তাঁকে রাখবেন আনচেলেত্তি।
‘নেইমার ব্রাজিল ফুটবলে ইতিহাস গড়েছে এবং এখনও গড়ে যাচ্ছে। সে একজন অসাধারণ প্রতিভাবান খেলোয়াড় এবং মানুষ মনে করে সে আমাদের পরবর্তী বিশ্বকাপ জিততে সাহায্য করতে পারবে, সেটা খুবই স্বাভাবিক।’
এর আগে নেইমারের শারীরিক সমস্যার ইঙ্গিত দিয়ে আনচেলেত্তি বলেছিলেন আধুনিক ফুটবলে একজন উইঙ্গারকে এখন মাঝে মাঝে রক্ষণেও খেলতে হয়। যেটা তিনি বলেননি, তা হলে বছর চৌত্রিশের নেইমারের জন্য এখন পুরো মাঠ দৌড়ে বেড়ানো কঠিন।
তবে ফরাসি দৈনিকের কাছে আনচেলেত্তি এবার নেইমারকে নিয়ে তাঁর নতুন একটি ভাবনার কথা জানিয়েছেন। ‘নেইমার এখন সান্তোসের হয়ে যে পজিশনে খেলছে সেই মাঠের মাঝখানে, গোলপোস্টের আরও কাছাকাছি পজিশনটাই তার জন্য ঠিক আছে।’ ব্রাজিলে নেইমারকে নিয়ে সমর্থকদের চাপ এবং সম্প্রতি ব্রাজিলের যে ফর্ম– সব মিলিয়ে শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে তাঁর জায়গা পাওয়ার সম্ভাবনা বাড়ছে।











































