শাহ্ তানভীর আহমেদ।।
মহানগরী খুলনার অধিকাংশ ফুটপাত এখন মৌসুমি ব্যবসায়ী ও ভ্রাম্যমাণ হকারদের দখলে চলে গেছে। ফলে পথচারীদের জন্য নির্ধারিত চলাচলের স্থান কার্যত অচল হয়ে পড়েছে। বাধ্য হয়ে মানুষকে সড়কে নেমে চলাচল করতে হচ্ছে, যা নগরজীবনে প্রতিনিয়ত ঝুঁকি ও দুর্ভোগ বাড়াচ্ছে। এ পরিস্থিতিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)-এর জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন নগরবাসী।

সরেজমিনে দেখা যায়, নগরীর পিকচার প্যালেস মোড় থেকে শুরু করে যশোর রোড, ডাকবাংলো মোড়, ক্লে রোড, কেডি ঘোষ রোড, হেলাতলা রোড ও খুলনা থানার মোড়সহ গুরুত্বপূর্ণ সড়কগুলোর ফুটপাত প্রায় সম্পূর্ণভাবে দখল হয়ে আছে। কোথাও কাপড়ের দোকান, কোথাও ফলমূল, আবার কোথাও ভাজাপোড়া ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্থায়ী স্টল বসিয়ে হকাররা পুরো ফুটপাত দখল করে রেখেছে।

ফলে পথচারীরা বাধ্য হয়ে যানবাহনের সঙ্গে একই সড়ক ব্যবহার করছেন। এতে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, নারী ও বয়স্ক মানুষ সবচেয়ে বেশি বিপদে পড়ছেন। স্থানীয়রা জানান, অফিস সময় কিংবা বিকেলের ব্যস্ত সময়ে এসব এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়, আর তখন ফুটপাত না থাকায় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায়।

সালেহা পারভীন নামের একজন পথচারী বলেন, “ফুটপাত দিয়ে হাঁটার কোনো উপায় নেই। বাধ্য হয়ে রাস্তা দিয়ে হাঁটতে হয়, যেটা খুবই ঝুঁকিপূর্ণ।” তিনি অভিযোগ করেন, এ অবস্থা দীর্ঘদিন ধরে চললেও কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ে না।

তবে হকারদের একটি অংশ বলছেন, ’জীবিকার তাগিদেই তারা ফুটপাতে বসছেন। তাদের দাবি, নির্দিষ্ট কোনো বিকল্প জায়গা না থাকায় বাধ্য হয়ে এভাবে ব্যবসা চালাতে হচ্ছে।’ সংশ্লিষ্টরা মনে করেন, পরিকল্পিতভাবে হকারদের জন্য নির্ধারিত স্থান তৈরি করলে যেমন তাদের জীবিকা বজায় থাকবে, তেমনি ফুটপাতও দখলমুক্ত রাখা সম্ভব হবে।

খুলনার সিনিয়র সাংবাদিক মোস্তফা জামাল পপলুর মতে, ’বিষয়টি এখন আর শুধু দখল বা অব্যবস্থাপনার মধ্যে সীমাবদ্ধ নেই; এটি জননিরাপত্তার একটি বড় ইস্যুতে পরিণত হয়েছে। নিয়মিত অভিযান, কঠোর নজরদারি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।’

এদিকে একাধিক নগরবাসীর প্রত্যাশা, দ্রুত সময়ের মধ্যে কেসিসি কার্যকর উদ্যোগ নেবে, ফুটপাত দখলমুক্ত করবে এবং পথচারীদের জন্য নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করে নাগরিক সেবা নিশ্চিতে ভুমিকা রাখবে খুলনা সিটি করপোরেশন।











































