স্পোর্টস ডেস্ক।।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মন্তব্যটা কৌতূহলবশত করেছিলেন করণ কেসি। কিন্তু নেপাল ক্রিকেট বোর্ড (সিএএন) ও দেশটির আম্পায়ার ও স্কোরারদের সংগঠন বিষয়টিকে স্বাভাবিকভাবে নেয়নি।
বিপদ আঁচ করতে পেরে ক্ষমাও চেয়েছিলেন করণ। তবু পার পেলেন না। ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডারকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে সিএএন। সেই সঙ্গে তার পুরো ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে।
তা কী এমন করেছিলেন করণ, যে কারণে এমন শাস্তি পেতে হলো?-
নেপালে চলছে ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট প্রধানমন্ত্রী কাপ। গত শুক্রবার মুখোমুখি হয়েছিল বাগমাতি ও মাধেশ।
ম্যাচের এক পর্যায়ে আম্পায়ারের একটি সিদ্ধান্ত মানতে না পেরে মাঠেই তীব্র প্রতিবাদ জানান বাগমাতির অধিনায়ক সন্দীপ লামিচানে। আম্পায়ারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয় লামিচানের। সেই মুহূর্তের ছবি পোস্ট করে ট্রল ক্রিকেট নেপাল নামের একটি মিম পেজ। সেখানেই উস্কানিমূলক মন্তব্য করেন করণ কেসি।
তিনি লেখেন, ‘কোনো ক্রিকেটার যদি ভুলবশত একজন আম্পায়ারকে মারে, তখন কয় ম্যাচের জন্য নিষিদ্ধ করা হবে? এমনিই জিজ্ঞেস করছি আরকি।’
এই মন্তব্য চোখ এড়ায়নি সিএএন কর্তাদের। এমনকি এর প্রতিবাদ জানিয়ে করণের শাস্তি দাবি করেন নেপালের আম্পায়ার ও স্কোরার সংগঠনের সদস্যরা।
এরপর করণ ক্ষমা চান। তিনি লেখেন, ‘আমি মজার ছলে কৌতূহলবশত জানতে চেয়েছিলাম, খেলোয়াড় আর আম্পায়ারের মধ্যে হাতাহাতি হলে কী হবে? যেহেতু ক্রিকেটে আম্পায়ার, কোচ, খেলোয়াড়—সবাই একটা পরিবারের মতো, তাই মজার ছলে লেখা সেই মন্তব্যে যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তার জন্য আমি ক্ষমাপ্রার্থী।
’ক্ষমা চাওয়ার পর নিজের মন্তব্য মুছেও ফেলেন করণ। তবু বোর্ডের শাস্তি এড়াতে পারেননি। নেপালের হয়ে এখন পর্যন্ত ৬৫ ওয়ানডে ও ৮৮ টি-টোয়েন্টি খেলেছেন করণ। দুই সংস্করণ মিলিয়ে তার রান ১১১৭, উইকেট ১৯৭টি।











































