Home খেলাধুলা ব্রেট লির সেই ডুয়েট পার্টনার আর নেই, ক্রিকেটপ্রেমী আশার বিদায়ে কাঁদছেন শচীনও

ব্রেট লির সেই ডুয়েট পার্টনার আর নেই, ক্রিকেটপ্রেমী আশার বিদায়ে কাঁদছেন শচীনও

8

স্পোর্টস ডেস্ক।।

সুরের মায়াজালে কয়েক প্রজন্মকে বুঁদ করে রাখা কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলে আর নেই। ৯২ বছর বয়সে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংগীত ও ক্রীড়াঙ্গনে। বিশেষ করে ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকারের জন্য এই ক্ষতি অত্যন্ত ব্যক্তিগত, কারণ টেন্ডুলকার পরিবারের কাছে তিনি ছিলেন আস্ত এক ‘অভিভাবক’।

আশা তাই-এর প্রয়াণে শচীন টেন্ডুলকার এক মর্মস্পর্শী শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন। তিনি বলেন, ‘ভারতের জন্য এবং বিশ্বজুড়ে সংগীতপ্রেমীদের জন্য আজ এক গভীর কষ্টের দিন। আমাদের কাছে আশা তাই ছিলেন পরিবারের অংশ। আজকের এই ক্ষতি প্রকাশ করার মতো ভাষা আমার নেই। মনে হচ্ছে সময় থমকে দাঁড়িয়েছে। আপনার কালজয়ী গানগুলোর মাধ্যমে আপনি আমাদের মাঝে আজীবন বেঁচে থাকবেন। আমাদের জীবনকে উষ্ণতা ও অসামান্য সংগীত দিয়ে ভরিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, তাই।’

শচীনের সঙ্গে আশা ভোঁসলে ও লতা মঙ্গেশকরের সম্পর্ক ছিল আত্মিক। শচীনের নামকরণ হয়েছিল শচীন দেব বর্মণের নামে, যিনি ছিলেন শচীনের বাবার সংগীত গুরু। পরবর্তীতে এসডি বর্মণের পুত্র রাহুল দেব বর্মণের সঙ্গেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আশা। এই পারিবারিক বন্ধন এতটাই দৃঢ় ছিল যে, এ বছরের মার্চে অর্জুন টেন্ডুলকারের বিয়ের রিসেপশনেও উজ্জ্বল উপস্থিতি ছিল আশার। শচীন প্রায়ই বলতেন, দুই বোনের অদম্য প্রাণশক্তি তার ক্রিকেট ক্যারিয়ারে প্রেরণা জুগিয়েছে।

আশা ভোঁসলে ছিলেন ক্রিকেটের একনিষ্ঠ ভক্ত। ২০০৭ সালে সাবেক অস্ট্রেলীয় পেসার ব্রেট লির সঙ্গে ‘ইউ আর দ্য ওয়ান ফর মি’ গানে তার যুগলবন্দী আজও ভক্তদের মনে গেঁথে আছে।

তার মৃত্যুতে বিরাট কোহলি লিখেছেন, ‘শান্তিতে ঘুমান আশা ভোঁসলে জি। আপনার কণ্ঠ কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে এবং চিরকাল আমাদের মাঝে থাকবে।’

ভারতীয় কোচ গৌতম গম্ভীর লিখেছেন, ‘আশা ভোঁসলে জির প্রয়াণে আমি অত্যন্ত ব্যথিত। তার আভিজাত্য ও অতুলনীয় প্রতিভা চিরস্মরণীয় হয়ে থাকবে।’

আশা ভোঁসলের ছেলে আনন্দ ভোঁসলে নিশ্চিত করেছেন যে, সোমবার বিকেল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে তার শেষকৃত্য সম্পন্ন হবে। শনিবার চরম ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

১০ বছর বয়স থেকে শুরু হওয়া তার দীর্ঘ সংগীত জীবনে ‘পিয়া তু আব তো আজা’, ‘দম মারো দম’ বা ‘দিল চিজ কেয়া হ্যায়’-এর মতো হাজার হাজার অমর গান রেখে গেলেন তিনি।