Home খেলাধুলা ৪০ বছর বয়সেও বিশ্বকাপে খেলতে চান ম্যাক্সওয়েল

৪০ বছর বয়সেও বিশ্বকাপে খেলতে চান ম্যাক্সওয়েল

1


স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার অভিজ্ঞ অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেননি। তিনি ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলার আশা এখনও রেখেছেন।

বর্তমানে ৩৭ বছর বয়সী ম্যাক্সওয়েল ২০২৮ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ৪০ বছর বয়সে খেলবেন। ওই বিশ্বকাপের কয়েক মাস আগে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকেও ক্রিকেটের অন্তর্ভুক্ত হওয়ার কথা রয়েছে।

ম্যাক্সওয়েল সম্প্রতি মেলবোর্ন স্টার্সের সঙ্গে দুই বছরের নতুন চুক্তি করেছেন, যার ফলে তিনি অন্তত ২০২৮ পর্যন্ত বিগ ব্যাশ লিগে খেলবেন। এছাড়া চলতি বছর তিনি পাকিস্তান সুপার লিগ (পিএসএল), মেজর লিগ ক্রিকেট এবং ইউরোপ ভিত্তিক নতুন টি-টোয়েন্টি লিগেও অংশগ্রহণ করবেন। নতুন লিগের একটি ফ্র্যাঞ্চাইজির সহ-মালিকও তিনি।

সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার গ্রুপ পর্ব থেকে বিদায় এবং ম্যাক্সওয়েলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে। তিন ম্যাচে মাত্র ৯, ৩১ ও ২২ রান করেছেন, যেখানে স্ট্রাইক রেট ১১০.৭১। গত অক্টোবর থেকে ১২ ইনিংসে তার গড় মাত্র ১৫.৫৫। সাবেক অধিনায়ক রিকি পন্টিংও মনে করেন, ২০২৮ সালের বিশ্বকাপে ম্যাক্সওয়েল দলের অংশ নাও হতে পারেন।

তবুও ম্যাক্সওয়েল নিজের সামর্থ্যে আস্থা রাখছেন। তিনি বলেন, ‘আমি এখনো মনে করি দলের জন্য অনেক কিছু দেওয়ার আছে। আগামী ১২ মাসে কী হয় দেখব। শরীর কেমন থাকে এবং সুযোগ এলে খেলতে পারি কি না, সেটাই গুরুত্বপূর্ণ।’