Home খেলাধুলা ফিফা বিশ্বকাপের ১০০ দিনের কাউন্টডাউন শুরু

ফিফা বিশ্বকাপের ১০০ দিনের কাউন্টডাউন শুরু

3


স্পোর্টস ডেস্ক।।

শুরু হয়েছে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের ১০০ দিনের কাউন্টডাউন। নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে জ্বলে উঠেছে বিশেষ কাউন্টডাউন লাইট। ভিডিও বার্তায় বিশ্বকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন ফিফা প্রেসিডেন্ট।

মেক্সিকোতে ১০০ দিন আগে পৌঁছে দেওয়া হয়েছে স্বর্ণালী ট্রফিটি। বিশ্বভ্রমণ শেষে সহ-আয়োজক মেক্সিকোর ন্যাশনাল প্যালেসে ট্রফিটি গ্রহণ করেন দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া সিনবামের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি বেবেতো।

ট্রফি হাতে প্রেসিডেন্টের হাস্যোজ্জ্বল ফটোসেশন বার্তা দিয়েছে দেশটি নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেলেও বিশ্বকাপ আয়োজন নিয়ে কোনো শঙ্কা নেই।

১০০ দিনের কাউন্টডাউন উপলক্ষ্যে প্রচলিত বড় আয়োজন বা উন্মুক্ত প্রদর্শনের পরিবর্তে নিউইয়র্কে ছিল সংক্ষিপ্ত ও আনুষ্ঠানিক অনুষ্ঠান। ১০২ তলা এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে জ্বলে ওঠা আলোর মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিক গণনা।

এই আয়োজনে উপস্থিত ছিলেন নিউইয়র্ক আয়োজক কমিটির প্রধান নির্বাহী, যুক্তরাষ্ট্র সকারের সেক্রেটারি, মেক্সিকো ফুটবল ফেডারেশনের সেক্রেটারি এবং কানাডা সকারের প্রেসিডেন্ট। তাদের সঙ্গে ছিল বিশ্বকাপের তিন মাসকট ম্যাপল, জাইয়ু ও ক্লাচ।

কাউন্টডাউন ঘিরে ডিজিটাল মাধ্যমে প্রকাশ করা হয়েছে টুর্নামেন্ট ও আয়োজক শহরগুলোর আলাদা পোস্টার।

ভিডিও বার্তায় ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফানতিনো বলেন, আর ১০০ দিন বাকি। ১৬টি শহরে ৪৮টি দেশের অংশগ্রহণে হবে ১০৪টি ম্যাচ। স্টেডিয়ামে প্রায় ৭ মিলিয়ন দর্শক উপস্থিত থাকবেন বলে আমাদের প্রত্যাশা। আমরা ইতিহাসের দ্বারপ্রান্তে পুরো বিশ্ব এক হওয়ার অপেক্ষায়।