Home আঞ্চলিক কোস্ট গার্ডের নেতৃত্বে দস্যু দমনে সুন্দরবনে দ্বিতীয় দফায় অভিযান শুরু

কোস্ট গার্ডের নেতৃত্বে দস্যু দমনে সুন্দরবনে দ্বিতীয় দফায় অভিযান শুরু

5


মোংলা প্রতিনিধি
দস্যু দমনে সুন্দরবনে শুরু হয়েছে দ্বিতীয় দফায় কোস্ট গার্ডের নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান। সোমবার দুপুর থেকে পূর্ব সুন্দরবন বিভাগে এ অভিযানে নেমেছে কোস্ট গার্ড, র‌্যাব, নৌবাহিনী ও পুলিশ। এ অভিযান চলবে পশ্চিম সুন্দরবন বিভাগেও। পূর্ব ও পশ্চিম সুন্দরবন জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ১০/১২ দস্যু বাহিনী। এ বাহিনীগুলো প্রতিনিয়ত সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে মুক্তিপণের দাবীতে জেলেদের অপহরণ করছে। যারা মুক্তিপণ দিচ্ছে তারা ছাড়া পাচ্ছে। আর মুক্তিপণ দিতে না পারা অনেক জেলে এখন বিভিন্ন দস্যু বাহিনীর কাছে জিম্মি রয়েছে।
কোস্ট গার্ড’র মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেঃ কমান্ডার সিয়াম উল হক বলেন, এর আগে ২৪ ফ্রেব্রুয়ারী প্রথম দফায় দস্যু দমনে অভিযান চালানো হয়। এরপর ২ মার্চ থেকে দ্বিতীয় দফায় ফের যৌথ অভিযান শুরু হয়েছে। দস্যুতা নির্মুল না হওয়া পর্যন্ত এ যৌথ অভিযান অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি।
এই যৌথ অভিযানে নেতৃত্ব দেয়া কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা) কর্মকর্তা লেঃ মোল্লা মাহমুদ আল হোসাইন বলেন, নৌ টহল পরিচালনার পাশাপাশি উপকূলীয় এলাকায় স্থল টহলও বৃদ্ধি করা হয়েছে। দস্যুদের সম্ভাব্য অবস্থান ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে সেখানে বিশেষ নজরদারি রাখা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়া স্থানীয় জেলে ও বনজীবীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে, যাতে তারা যে কোন সন্দেহজনক তথ্য দ্রুত কোস্ট গার্ডকে জানাতে পারেন। সোমবার নতুন করে দ্বিতীয় দফায় শুরু হওয়া এ অপারেশনে রাত পর্যন্ত কোন দস্যু আটক বা গোলাবারুদ উদ্ধার করা সম্ভব হয়নি।
এদিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, সুন্দরবনের জেলেদের জীবন-জীবিকা নির্বিঘ্ন করতে যে কোন মুল্যে দস্যুতা দমন করা হবে। তিনি বলেন, দস্যু দমন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে আমার আলোচনা হয়েছে। সেই প্রেক্ষিতে সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোস্ট গার্ডের মহাপরিচালক বরাবর লিখিত পত্র/আদেশ পাঠানো হয়েছে। আশা করছি প্রশাসনের কঠোর তৎপরতায় শীগ্রই সুন্দরবনের দস্যুতা দমন করা সম্ভব হবে। তিনি আরো বলেন, সুন্দরবনের দস্যুদের এবার আর আত্মসমর্পণের কোন সুযোগ দেয়া হবেনা। তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে।