স্পোর্টস ডেস্ক।।
২০২৯ সালের চ্যাম্পিয়নস ট্রফি ও ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের সূচি রয়েছে ভারতের। তবে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে রাজনৈতিক টানাপোড়েনের জেরে এই দুই বড় আসরের আয়োজকত্ব হারানোর ঝুঁকিতে পড়তে পারে ভারত-এমনটাই জানিয়েছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য সিডনি মর্নিং হেরাল্ড।
২০২৪ সালের ডিসেম্বর মাসে আইসিসি, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে স্বাক্ষরিত ‘হাইব্রিড মডেল’ চুক্তি অনুযায়ী, বৈশ্বিক টুর্নামেন্টে ভারত ও পাকিস্তান একে অপরের দেশে খেলবে না—পুরুষ বা নারী, উভয় ইভেন্টেই। প্রয়োজনে নিরপেক্ষ ভেন্যু নির্ধারণ করা হবে। গত বছরের চ্যাম্পিয়নস ট্রফিতে, যেখানে আয়োজক ছিল পিসিবি, ভারতের সব ম্যাচ অনুষ্ঠিত হয় দুবাইয়ে। আর চলতি বছর বিসিসিআই আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে সহ-আয়োজক হিসেবে যুক্ত হয় শ্রীলংকা।
তবে প্রতিবেদনে বলা হয়েছে, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সৃষ্ট অস্থিরতার পরিপ্রেক্ষিতে আইসিসি বিকল্প আয়োজক হিসেবে অস্ট্রেলিয়াকে বিবেচনায় নিচ্ছে। টুর্নামেন্ট পরিকল্পনায় বিঘ্ন ঘটানো উত্তেজনাই এই ভাবনার কারণ।
অস্থিরতার সূচনা হয়, যখন জানুয়ারির শুরুতে আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে বিসিসিআই আইপিএল দল থেকে বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে সরিয়ে দেয়। এরপর নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বাংলাদেশ আইসিসির কাছে তাদের বিশ্বকাপ ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানায়, যা আইসিসি মেনে নেয়নি। পরিস্থিতির সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে প্রত্যাহার করা হয়। এতে ক্ষুব্ধ হয় পাকিস্তান এবং বয়কটের হুমকি দেয়।
বয়কটের আশঙ্কায় প্রায় ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের সম্প্রচার ও বাণিজ্যিক আয় ঝুঁকিতে পড়ে। শেষ পর্যন্ত পর্দার আড়ালের দীর্ঘ আলোচনার পর নির্ধারিত সূচি অনুযায়ী গত রোববার কলম্বোয় ম্যাচটি অনুষ্ঠিত হয়, যেখানে ভারত ৬১ রানের জয় পায়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই বিশৃঙ্খলার পর ভবিষ্যৎ বৈশ্বিক টুর্নামেন্টে এমন পরিস্থিতি এড়াতে বিকল্প আয়োজক দেশ নিয়ে আলোচনা শুরু করেছেন শীর্ষ ক্রিকেট প্রশাসকরা।
বর্তমান চুক্তি অনুযায়ী ভারত ও পাকিস্তান একে অপরের দেশে ম্যাচ খেলবে না। একই ব্যবস্থা বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে, যদিও বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনের পর বিসিসিআই ও বিসিবির মধ্যে এ বিষয়ে এখনো আলোচনা হয়নি।
যদি রাজনৈতিক উত্তেজনা সূচি ও সম্প্রচার চুক্তির স্থিতিশীলতাকে প্রভাবিত করতে থাকে, তাহলে আইসিসি ২০২৯ চ্যাম্পিয়নস ট্রফি ও ২০৩১ ওয়ানডে বিশ্বকাপ (বর্তমানে ভারত ও বাংলাদেশের জন্য নির্ধারিত) অস্ট্রেলিয়ায় সরিয়ে নেওয়ার কথা বিবেচনা করতে পারে। অস্ট্রেলিয়া ইতোমধ্যে নিউজিল্যান্ডের সঙ্গে যৌথভাবে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে।
অতীতে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ সফলভাবে আয়োজন করেছে অস্ট্রেলিয়া। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে অ্যাডিলেডে তাদের ম্যাচে উপস্থিত ছিলেন ৪১,৫৮৭ দর্শক, আর ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রেকর্ড ৯০,২৯৩ দর্শক খেলা উপভোগ করেন। এছাড়া অস্ট্রেলিয়ার সময়সূচি উপমহাদেশীয় টেলিভিশন বাজারের জন্যও অনুকূল বলে বিবেচিত হয়, বিশেষ করে প্রাইম-টাইম ম্যাচের ক্ষেত্রে।











































